তিতাসের অবৈধ লাইন স্থাপন ও সংযোগ বন্ধ হয়নি
ঢাকার সাভার ও আশুলিয়ায় গ্যাসের অবৈধ লাইন নির্মাণ ও সংযোগের তৎপরতা বন্ধ হয়নি। তিতাস কর্তৃপক্ষ মাঝেমধ্যে এসব লাইন অপসারণে অভিযান চালালেও জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।
তিতাসের একাধিক কর্মকর্তা ও স্থানীয় লোকজন জানান, তিতাসের ঠিকাদার, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি এবং সরকারদলীয় নেতারা এসব অবৈধ লাইন নির্মাণ ও সংযোগ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। তিতাসের কিছু অসাধু লোকজনের বিরুদ্ধে এসব অবৈধ কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
তিতাসের সাভার কার্যালয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সাভারের দক্ষিণ কলমা এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজার ফুট অবৈধ লাইনের মধ্যে মাত্র ৭৭৫ ফুট লাইন অপসারণ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সাভারের সহকারী কমিশনার (ভূমি) মো. জোবায়ের। সঙ্গে ছিলেন সাভার তিতাসের ব্যবস্থাপক আফতাব উদ্দিন। কিন্তু এ ঘটনায় থানায় কোনো মামলা করা হয়নি তিতাসের পক্ষ থেকে।
জানতে চাইলে আফতাব উদ্দিন বলেন, মামলার বিষয়ে সিদ্ধান্ত নেবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।
কারা অবৈধ লাইন নির্মাণ করছেন জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে সাভারের গেওরা, লালটেক, দোসাইদ, কলমা, দক্ষিণ কলমা, আউকপাড়া, তেঁতুলঝোড়া ও হরিণধরা এলাকায় মাইলের পর মাইল তিতাসের অবৈধ লাইন নির্মাণের কাজ চলছে। তিতাস কর্তৃপক্ষ তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।
অবৈধ গ্যাস-সংযোগ নিয়েছেন এবং সংযোগের অপেক্ষায় আছেন বিভিন্ন এলাকার এমন লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, জামসিং থেকে গেওরা এলাকায় অবৈধ লাইন নির্মাণের কাজ করছেন তিতাসের ঠিকাদার আলমগীর হোসেন। লালটেকে অবৈধ লাইন নির্মাণের কাজ করছেন ঠিকাদার মাসুদ ও সাভার উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন। কলমা ও দোসাইদ এলাকায় অবৈধ লাইন নির্মাণ করছেন রাজু নামে এক ব্যক্তি। এ ঘটনার অভিযোগে তাঁর বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা রয়েছে। তেঁতুলঝোড়া ও হরিণধরা এলাকায় লাইন নির্মাণ করছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের এক আত্মীয়। এসব লাইন ও সংযোগের বিনিময়ে বাড়িপ্রতি আদায় করা হচ্ছে ২৫ থেকে ৫০ হাজার টাকা।
তাঁরা জানান, ৪ বা ৬ ইঞ্চির ব্যাসার্ধের লাইন থেকে ২ ইঞ্চির লাইনের সংযোগ দিয়ে থাকে তিতাসের লোকজনই। গভীর রাতে তিতাসের গাড়ি গিয়ে এসব সংযোগ দিয়ে থাকে। এ কারণে লোকজন অবৈধ লাইন ও সংযোগ নিতে ভরসা পাচ্ছেন।
অভিযোগের বিষয়ে সাখাওয়াত হোসেন বলেন, ‘অনেকে আমার নাম ব্যবহার করছেন। আসলে আমি জড়িত নই।’
ঠিকাদার মাসুদ আর আলমগীরকে পাওয়া যায়নি।
এসব বিষয়ে কথা বলার জন্য মুঠোফোনে একাধিকবার সাভার তিতাসের আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শেখ আবু রায়হানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন না ধরায় কথা বলা সম্ভব হয়নি।