ঢাকার আশুলিয়ার দোসাইদ এলাকায় তিতাস গ্যাসের অবৈধ লাইন বিস্ফোরিত হয়ে সাঙ্গো টেক্স লিমিটেড নামের পোশাক কারখানার তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। কারখানার সামনে গত সোমবার এ ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন শ্রী আপন (২৫), কামাল হোসেন (৩০) ও আনোয়ারুল ইসলাম (২৬)।
কামাল ও আনোয়ারুল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। আর আপনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। কামালের মুখমণ্ডল, দুই হাতসহ গলা আর আনোয়ারুলের মুখমণ্ডল, গলা ও বাঁ হাত পুড়ে গেছে।
ঘটনার পর তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯০০ ফুট অবৈধ লাইন অপসারণ করেছে। এসব লাইনের আওতায় দুই হাজার পরিবার অবৈধ সংযোগ নিয়ে চুলা জ্বালাচ্ছিল।
সাঙ্গো টেক্সের প্রশাসনিক ব্যবস্থাপক নাজমুল করিম বলেন, সোমবার বিকেল পাঁচটার দিকে কারখানা ছুটি হওয়ার পর শ্রমিকেরা বাসায় চলে যান। রাত সোয়া নয়টার দিকে শ্রমিক অগ্নিদগ্ধ হওয়ার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। এরপর অগ্নিদগ্ধ শ্রমিকদের উদ্ধার করে প্রথমে সাভারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাতেই তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। তাঁদের মধ্যে আপন সামান্য দগ্ধ হওয়ায় তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। অপর দুজন ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁরা শঙ্কামুক্ত বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
নাজমুল করিম বলেন, তাঁদের কারখানার সীমানাপ্রাচীর ঘেঁষেই তিতাসের অবৈধ লাইন চলে গেছে গোটা দোসাইদ গ্রামে। ওই লাইন বিস্ফোরিত হয়েই দুর্ঘটনা ঘটে।
আপন বলেন, রাত সোয়া নয়টার দিকে তাঁরা তিনজন রাতের খাবার শেষে ধূমপানের জন্য কারখানার সামনে একটি দোকানে যান। ধূমপান শেষে আগুনসহ সিগারেটের অবশিষ্ট অংশ ফেলার পরপরই বিকট শব্দ হয়ে আগুন ধরে যায়।
পাশের দোকানদার ইমান আলী বলেন, ‘বেশ কিছুদিন ধরেই ওই স্থান থেকে গ্যাসের গন্ধ ভেসে আসছিল। ওই গন্ধ আসলে গ্যাসের কি না, তা বুঝতে পারিনি।’
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সাভারের বিপণন বিভাগের ব্যবস্থাপকের কার্যালয় সূত্রে জানা গেছে, অবৈধ লাইনে বিস্ফোরণের পর থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত তিতাসের পক্ষ থেকে ঘটনাস্থল আশুলিয়া ইউনিয়নের দোসাইদসহ পাশের ইয়ারপুর ইউনিয়নের দিয়াখালী, তাজপুর, গোড়াট ও গুমাইল এলাকায় অভিযান চালানো হয়। এসব এলাকায় অভিযান চালিয়ে ৯০০ ফুট অবৈধ লাইন অপসারণ করা হয়েছে।
তিতাস সাভার কার্যালয়ের ব্যবস্থাপক সত্যজিৎ ঘোষ বলেন, নিম্নমানের সামগ্রী দিয়ে সংযোগ দেওয়ায় গ্যাস বের হয়ে দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, আশুলিয়ার ইয়ারপুর ও আশুলিয়া ইউনিয়নে অন্তত ছয় হাজার পরিবারে অবৈধ সংযোগ রয়েছে। এসব সংযোগ বিচ্ছিন্ন করতে কয়েক দফায় অভিযান চালানো হয়। কিন্তু প্রভাবশালীরা পুনরায় সংযোগ দেওয়ায় অবৈধভাবে গ্যাস পোড়ানো বন্ধ করা যায়নি। এবার দুর্ঘটনার পর থেকে পুনরায় অভিযান শুরু করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।