তিতাসের অভিযানে বাধা, বিক্ষোভ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর এলাকায় গতকাল মঙ্গলবার গ্রামবাসীর বাধা, মহাসড়ক অবরোধ ও বিক্ষোভের মুখে অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন না করে ফিরে আসতে বাধ্য হয়েছে তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন কোম্পানির অভিযান পরিচালনাকারী দল।
কোম্পানিটির সোনারগাঁ আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী সাহীদুর রহমান বলেন, বাধার মুখে অভিযান বন্ধ করে ফিরে এলেও লোকবল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বাড়িয়ে উচ্ছেদ অভিযান চালু রাখা হবে।
কোম্পানির কর্মকর্তারা বলেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম এস এম জাকারিয়ার ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে তিতাস গ্যাস কোম্পানির কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ গতকাল দুপুর ১২টার দিকে পিরোজপুরে যান। সেখানে মাটি কেটে পাইপ বের করে সংযোগ বিচ্ছিন্ন করা শুরুর প্রায় আধা ঘণ্টা পর ৪০০ থেকে ৫০০ নারী-পুরুষ বাধা দেন। তাঁরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। দুপুর সাড়ে ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত তাঁরা সড়ক অবরোধ করে রাখেন। এ সময় মহাসড়কের মেঘনা সেতু থেকে লাঙ্গলবন্দ পর্যন্ত আট কিলোমিটার এলাকায় যানজট তৈরি হয়। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদেরের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন না করার আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন। তখন যান চলাচল স্বাভাবিক হয়।
ভবনাথপুর গ্রামের নুরনবী ও আলী আকবর বলেন, ক্ষমতাসীন দলের নেতারা ৩০ থেকে ৫০ হাজার টাকা করে নিয়ে গ্যাস-সংযোগ দিয়েছিলেন। সে সময় তাঁরা বলেছেন, সংযোগ বৈধ করে দেবেন। এ অবৈধ সংযোগ দিয়ে যাঁরা টাকা লুটপাট করেছেন, আগে তাঁদের শাস্তি দেওয়া হোক।
এস এম জাকারিয়া বলেন, অবৈধ গ্যাস-সংযোগ অবশ্যই বিচ্ছিন্ন করা হবে।