তিতাসের অভিযানে ৯০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের বানিয়ারচালা ও মাস্টারবাড়ি এলাকায় গতকাল সোমবার তিতাস গ্যাস কর্তৃপক্ষ অভিযান চালিয়েছে। অভিযান চালিয়ে গ্যাস কর্তৃপক্ষ ৯০০ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও এক ব্যক্তিকে জরিমানা করেছে।
তিতাস কর্তৃপক্ষ সূত্র জানায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফ উদ্দিনের নেতৃত্বে অবৈধ গ্যাস পাইপলাইন বিচ্ছিন্ন করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযান চালিয়ে গাজীপুরের বানিয়ারচালা এলাকার শিল্পপ্রতিষ্ঠান মেসার্স বিজি কালেকশন কোম্পানির সামনের সার্ভিস লাইন থেকে অবৈধভাবে স্থাপিত দুই ইঞ্চি ব্যাসের পাইপলাইনের সংযোগস্থলসহ এক কিলোমিটার পাইপ অপসারণ করা হয়। পাইপ অপসারণ করায় প্রায় ২০০ অবৈধ চুলার গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন হয়।
অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট অবৈধ আবাসিক গ্যাস-সংযোগ ব্যবহারকারী তারা মিয়াকে নগদ ২৫ হাজার টাকা জরিমানা করেন। এদিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার খবর পেয়ে অন্য ব্যবহারকারীরা পালিয়ে যান।
এ ছাড়া একই দিনে গাজীপুরের মাস্টারবাড়ি রোড এলাকায় দুই ইঞ্চি ব্যাসের পাইপলাইনের সংযোগস্থলসহ প্রায় দুই কিলোমিটার পাইপ অপসারণ করা হয়। এতে ৭০০ অবৈধ চুলার গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন হয়।
অভিযানের সময় ব্যবস্থাপক প্রকৌশলী ছাব্বের আহমেদ চৌধুরী, ব্যবস্থাপক (ইএসএস) জাহাঙ্গীর আলম, খোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।