তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নওশাদ ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল রোববার তাঁকে অব্যাহতি দেওয়া হয়। বিদ্যুৎ, গ্যাস ও খনিজ সম্পদবিষয়ক মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। তবে নওশাদ ইসলাম বলেছেন, অব্যাহতির ব্যাপারে তাঁকে কিছু জানানো হয়নি।
বিদ্যুৎ, গ্যাস ও খনিজ সম্পদবিষয়ক মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নওশাদ ইসলামকে অব্যাহতি দেওয়ার কারণ উল্লেখ করা হয়নি। অবশ্য অন্য একটি সূত্র জানিয়েছে, রাজধানীর বনানীতে গ্যাস বিস্ফোরণের ঘটনায় একটি বাড়ি বিধ্বস্ত হয়। বিষয়টি নিয়ে সমালোচনার মুখে তাঁকে অব্যাহতি দেওয়া হলো।
মেয়রের কাছে যাবেন মালিকেরা: এদিকে বিস্ফোরণের ঘটনায় তিতাস গ্যাসের কাছ থেকে ক্ষতিপূরণের বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের কাছে যাবেন বাড়ির মালিকেরা। মেয়র কোনো সমাধান দিতে ব্যর্থ হলে তবেই তাঁরা মামলা করবেন।
ঘটনার পর তদন্ত শুরু করেছে ফায়ার সার্ভিস। গতকাল তিন সদস্যের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বাড়ির অন্যতম মালিক শামসুল আলম প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটির জন্য তিতাস গ্যাস তাদের দায় কোনোভাবেই এড়াতে পারে না। তবে মামলা করার আগে ক্ষতিপূরণের একটি সমাধানের জন্য আমরা মেয়রের কাছে যাব। আশা করি সেখান থেকেই একটা সমাধান আসবে। যদি সমাধান না আসে, তবে মামলা করব। মামলার একটি খসড়াও প্রস্তুত রয়েছে আমাদের।’
গত বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে বনানী ২৩ নম্বর রোডের ৯ নম্বর বাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। বাসিন্দাদের অভিযোগ, তিতাস গ্যাসের পাইপলাইনের ফুটো থেকে গ্যাস ঢুকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে। গ্যাসের লাইনে ফুটো থাকা এবং সেখান থেকে গ্যাস বের হওয়ার কথা তিতাস কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য তিন দফা অভিযোগ জানানো হয়। কিন্তু তিতাস গ্যাস কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। তা ছাড়া, ওই গ্যাস বিস্ফোরণের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন তিতাস গ্যাস কর্তৃপক্ষকে দায়ী করে। ভবনটির এক মালিকের কাছ থেকে এ ব্যাপারে অভিযোগ পাওয়া সত্ত্বেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ইতিমধ্যে তিতাসের এক কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।