গ্যাসের চাপ কম থাকায় দেড় মাস ধরে গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্প এলাকায় অবস্থিত কারখানাগুলোর কাজ প্রায় বন্ধ। গ্যাসের চাপ বাড়ানোর দাবিতে ২৩ সেপ্টেম্বর তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের গাজীপুরের টঙ্গী কার্যালয় ঘেরাও করার ঘোষণা দিয়েছে বিসিক শিল্প মালিক সমিতি।
গতকাল রোববার সমিতির সদস্যরা বৈঠক করে ওই সিদ্ধান্ত নেন। বিষয়টি নিশ্চিত করে সমিতির সভাপতি ও শিল্পী নিটিংয়ের মালিক আবদুল কুদ্দুস বলেন, গ্যাসের চাপ নেই বললেই চলে। পোশাক কারখানা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। তাই সমিতির পক্ষ থেকে ৪ সেপ্টেম্বর টঙ্গীর তিতাস কার্যালয়ে লিখিতভাবে গ্যাসের চাপ বাড়ানোর দাবি জানানো হয়। কিন্তু তারা সার কারখানায় গ্যাস সরবরাহ বৃদ্ধির অজুহাত দেখাচ্ছে। তাই তিতাসের কার্যালয় ঘেরাও করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
টঙ্গী বিসিক শিল্প এলাকার জিন্স কালেকশন কারখানার মালিক মো. মমিন উল্লাহ বলেন, ‘গ্যাসের চাপ না থাকায় ডায়িং, ওয়াশিং ও পোশাক কারখানায় ব্যাপক সমস্যার সৃষ্টি হয়েছে। আমার নিজের কারখানায় ৫০ হাজার পিস প্যান্ট উৎপাদন কম হয়েছে। সময়মতো পণ্য তৈরি করতে না পারায় আমাদের অনেকের জাহাজীকরণ বাতিল হয়েছে।’
এ ব্যাপারে তিতাসের টঙ্গী কার্যালয়ের ব্যবস্থাপক মো. মোকসেদুর রহমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি বিসিক শিল্প মালিক সমিতির লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করেন। সমাধানের ব্যাপারে জানতে চাইলে তিনি প্রধান কার্যালয়ের জনসংযোগ কর্মকর্তার সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
ভোগান্তিতে তিন হাজার গ্রাহক: এদিকে বিসিকের পাশে টঙ্গীর টেকপাড়া, হাজিপাড়া, মরকুন, খলিফাপাড়া, কবরস্থান রোডসহ আশপাশের এলাকায় ২২ দিনেও গ্যাস সরবরাহ করা হয়নি। এতে চরম ভোগান্তি ও দুর্ভোগে পড়েছেন ওই সব এলাকার প্রায় তিন হাজার গ্রাহক। সংকট নিরসনের দাবিতে ৮ সেপ্টেম্বর তাঁরা তিতাসের টঙ্গী কার্যালয় ঘেরাও করেছিলেন।