তিতাসের চেয়ারম্যান হত্যা মামলার এক আসামির জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মনির হোসাইন (৪০) হত্যায় গ্রেপ্তার হওয়া এক আসামি গতকাল বৃহস্পতিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
ওই আসামির নাম বেলাল আহমেদ ওরফে বাবুল। তিনি ওই মামলার ১০ নম্বর আসামি। কুমিল্লা আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কাজী আরাফাত হোসেন এ জবানবন্দি রেকর্ড করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) শাহ কামাল আকন্দ আসামি বেলালের বরাত দিয়ে গতকাল রাতে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বেলাল আহমেদ বলেন, মনির হোসাইনকে হত্যার জন্য পরিকল্পিতভাবে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর মোড়ে সিএনজিচালিত অটোরিকশা দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। এতে তাঁর মাইক্রোবাস থেমে যায়। তাঁকে মাইক্রোবাস থেকে টেনেহিঁচড়ে নামানো হয়। চারটি অস্ত্র থেকে গুলি করা হয়। মৃত্যু নিশ্চিত করতে মনিরকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। হামলায় ১৪-১৫ জন অংশ নেন। মনিরের একসময়ের ঘনিষ্ঠজন মো. জুলহাস ও রাসেল ওরফে তামা রাসেল এতে নেতৃত্ব দেন।
পলাতক থাকায় এ বিষয়ে জুলহাস ও তামা রাসেলের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
গত মঙ্গলবার গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্বৃত্তরা মনির হোসাইন ও তাঁর সহযোগী মহিউদ্দিনকে হত্যা করে। এ ঘটনায় মনিরের স্ত্রী তাহমিনা আক্তার দাউদকান্দি থানায় হত্যা মামলা করেন। এতে মো. জুলহাস, রাসেলসহ ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৮-৯ জনকে আসামি করা হয়। বুধবার রাতে দাউদকান্দির রায়পুর এলাকা থেকে বেলালকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।