তিতাসের জমি দখল করে ভবন, মার্কেট
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ‘গ্যাস ডাকাতির’ পর এবার ‘জমি ডাকাতির’ ঘটনা ঘটেছে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অধিগ্রহণ করা কমপক্ষে ৬৫ শতাংশ জমি দখল করে সেখানে বহুতল ভবন ও বিপণিবিতান গড়ে তোলা হয়েছে।
১৩ বছর ধরে দখল-বাণিজ্য চললেও আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি তিতাস। এমনকি কী পরিমাণ জমি দখল হয়েছে তা-ও তারা বলতে পারে না। ১২ এপ্রিল উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুরে একটি ভবন নির্মাণের জন্য পাইলিং করার সময় গ্যাসের পাইপলাইন ফেটে বিস্ফোরিত হয়। এরপরই তিতাস জানতে পারে, তাদের জমি দখল করে ওই ভবন করা হচ্ছে। বিস্ফোরণের পর পুরো কাঁচপুরে চার দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকে। ওই ঘটনায় এখন পর্যন্ত দখলদারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি তিতাস।
স্থানীয় বাসিন্দারা জানান, ১৯৮২ সালে সরকার কাঁচপুর বাসস্ট্যান্ড-সংলগ্ন সোনাপুরে তিতাস গ্যাসের প্রধান পাইপলাইন বসাতে বিপুল পরিমাণ জমি অধিগ্রহণ করে। পরে মাটির নিচ দিয়ে পাইপলাইন বসানো হয়। ওই পাইপলাইনের পাশেই প্রভাবশালী মতিন খানের বেশ কিছু জমি ছিল। ২০০১ সালে তিনি নিজের নামে ‘মতিন খান রিয়েল এস্টেট কোম্পানি’ নামে আবাসন প্রতিষ্ঠান খোলেন। বিভিন্ন এলাকার মানুষের কাছে নিজের মালিকানাধীন জমির সঙ্গে তিতাসের জমি ভুয়া দলিলের মাধ্যমে প্লট করে বিক্রি করেন। তাঁর কাছ থেকে জমি কিনে লোকজন তিতাসের জমির ওপরই ভবন ও বিপণিবিতান নির্মাণ করেন।
২২ এপ্রিল সরেজমিনে দেখা যায়, তিতাস ও মতিন খানের নিজস্ব জমির ওপর গড়ে উঠেছে জাকির খান, আমান খান, জয়নাল আবেদীন ও রশিদ বাবুর ছয়তলা ভবন। মন্টু মিয়া বানিয়েছেন তিনতলাবিশিষ্ট সিফাত গার্মেন্টস। পাঁচতলা রহমানিয়া ভবনে মাদ্রাসা করেছেন শরিফুল ইসলাম। কাঁচপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আবেদ আলী ও তাঁর লোকজন তৈরি করেছেন সোনালী মার্কেট। আবুল বাশার মিয়া নামের এক ব্যক্তি নির্মাণ করেছেন ছয়তলা ভবন।
এ ছাড়া তিতাসের প্রায় ১১ শতাংশ জমিতে বহুতল ভবন গড়তে পাইলিংয়ের কাজ শেষ করেছেন মতিন খান। ১২ এপ্রিল সেখানে পাইলিং করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই স্থানে পাইলিং শেষ করে মাটি দিয়ে ভরাট করা হয়েছে। যেকোনো সময় সেখানে ভবন নির্মিত হবে।
মন্টু মিয়া, জাকির খান ও শরিফুল মিয়া জানান, তাঁরা মতিন খানের কাছ থেকে জায়গা কিনেছেন। তাঁদের জমির কিছু অংশ যে তিতাসের এবং সেখানে গ্যাসের পাইপ বসানো আছে—মতিন খান এসব গোপন করেছেন। এখন এ ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে চাইলে মতিন খানের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া উচিত বলে তাঁরা মনে করেন।
মতিন খান দাবি করেন, ‘আমি যেসব জায়গা বিক্রি করেছি, তা তিতাসের নয়। কিন্তু জমির মালিকেরা তিতাসের জায়গা দখল করে বাড়িঘর ও মার্কেট বানান। আর ১২ এপ্রিল তিতাসের জায়গায় আমি ভুলক্রমে পাইলিংয়ের কাজ করেছিলাম। এ কারণে আমি দুঃখ প্রকাশ করেছি।’
কাঁচপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফজলুল হক বলেন, ‘সরকারি অধিগ্রহণ করা এসব জমির ওপর ভবন নির্মাণ না করতে আমি মৌখিকভাবে একাধিকবার নিষেধ করেছি। কিন্তু কেউ আমার কথা শোনেননি।’ চেয়ারম্যান জানান, সোনাপুরে তিতাসের ৬৫ শতাংশ জমি দখল করে মার্কেট ও ভবন নির্মাণ করা হয়েছে। এসব জমির বর্তমান মূল্য প্রায় ছয় কোটি টাকা।
সোনাপুরে তিতাসের কী পরিমাণ জমি আছে এবং কী পরিমাণ দখল হয়েছে জানতে চাইলে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি তিতাসের সোনারগাঁ আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক আবু জাফর সুলতান আহমেঞ্চদ। তিনি বলেন, ‘মতিন খান যেসব অন্যায় কাজ করেছেন, তাঁর বিরুদ্ধে মামলা হওয়া দরকার ছিল। বিষয়টি তিতাসের প্রকৌশল শাখা দেখভাল করে বিধায় আমার করার কিছু নেই।’ তবে পাইপলাইনের ওপর এসব ভবন নির্মাণের ফলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তিনি আশঙ্কা করেন।