তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির অধিগ্রহণ করা জমিতে অবৈধভাবে ভবন নির্মাণের সময় গ্যাসের পাইপলাইন বিস্ফোরিত হয়েছে। গত শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় পাইলিংয়ের কাজ করার সময় ওই দুর্ঘটনা ঘটে।
ওই ঘটনার পর থেকে পুরো কাঁচপুরে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে আট হাজার আবাসিক গ্রাহক, ৬০টি শিল্পকারখানা ও দুটি সিএনজি পাম্প। এদিকে গ্যাস সরবরাহ বন্ধ রাখার প্রতিবাদে সোনাপুরের বাসিন্দারা গতকাল বিক্ষোভ করে।
এলাকাবাসী জানান, সোনাপুরের প্রভাবশালী মতিন খান এলাকায় তিতাস গ্যাসের অধিগ্রহণ করা জমিতে অবৈধভাবে ভবন নির্মাণের কাজ শুরু করেন। এক সপ্তাহ ধরে ওই কাজ চলছে। গত শনিবার দুপুরে ভবনের পাইলিংয়ের কাজ করার সময় তিতাস গ্যাসের প্রধান পাইপ ফেটে বিস্ফোরিত হয়। এ সময় আগুন ধরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষ পুরো কাঁচপুরে গ্যাস-সংযোগ বন্ধ করে দেয়। গ্যাস না পেয়ে বিপাকে পড়েন গ্রাহকেরা।
গতকাল রোববার বেলা ১১টার দিকে সোনাপুরে গিয়ে দেখা যায়, বিভিন্ন শিল্পকারখানা ও আবাসিক গ্রাহকেরা গ্যাস-সংযোগ না পেয়ে বিক্ষোভ করেন। তাঁরা মতিন খানের বিচারের দাবি জানান।
কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক জানান, একজন প্রভাবশালী ব্যক্তির অবৈধ দখলদারিত্বের কারণে তাঁর খেসারত এলাকার আবাসিক গ্রাহক, শিল্পকারখানা ও সিএনজি স্টেশনগুলোকে দিতে হচ্ছে।
যোগাযোগ করা হলে মতিন খান প্রথম আলোকে বলেন, ‘আমি ভুলেই গিয়েছিলাম জায়গাটি সরকারের অধিগ্রহণ করা ছিল। এ জন্য আমি দুঃখিত।’
তিতাস গ্যাসের সোনারগাঁ অঞ্চলের সহকারী প্রকৌশলী কামাল হোসেন মিয়া বলেন, ‘তিতাসের অধিগ্রহণ করা জায়গায় অবৈধভাবে ভবন নির্মাণ করতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। মতিন খানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি। আর দুর্ঘটনাকবলিত গ্যাসের পাইপলাইন মেরামতের কাজ চলছে। কয়েক দিনের মধ্যে ঠিক হয়ে যাবে।’