তিতাসের দুই ধরনের সিদ্ধান্ত্ত
দিনের নির্দিষ্ট একটা সময়ে রাজধানীর রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস (সিএনজি) রি-ফুয়েলিং স্টেশন বন্ধ রাখা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।গত বৃহস্পতিবার তিতাস গ্যাস কর্তৃপক্ষ রাজধানীর সিএনজি স্টেশনগুলো সাপ্তাহিক ছুটির দিন ছাড়া সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়ে একটি চিঠি দেয়। এ সিদ্ধান্ত ২৩ মে থেকে কার্যকর হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়। তবে পরে তিতাসের পক্ষ থেকে বলা হয়েছে, এ নোটিশ এখনই কার্যকর হবে না।অনেক সিএনজি স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এখনো এ-সংক্রান্ত কোনো চিঠি পাননি। এদিকে তিতাসের আঞ্চলিক পর্যায়ের কর্মকর্তারা কোনো কোনো সিএনজি স্টেশনে গিয়ে এখনই এ সিদ্ধান্ত বাস্তবায়িত হবে না বলে মৌখিকভাবে জানিয়ে দেন।এ বিষয়ে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল আজিজ খান প্রথম আলোকে বলেন, আগের সিদ্ধান্ত অনুযায়ী কোথাও কোথাও চিঠি দেওয়া হয়েছে। তবে এ নোটিশ এখনই কার্যকর হবে না।এদিকে রহিমআফরোজের ব্যবস্থাপক (কারিগরি) মনোয়ার আহমেদ প্রথম আলোকে বলেন, বাড্ডা এলাকার তিতাস গ্যাসের আঞ্চলিক কার্যালয় থেকে গত বৃহস্পতিবার তাঁরা এ-সংক্রান্ত চিঠি পেয়েছেন। তিনি বলেন, সিএনজিচালিত অটোরিকশায় দিনে দু-তিনবার গ্যাস নিতে হয়। এ সিদ্ধান্তে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে।আনুদিপ সিএনজি স্টেশনের স্বত্বাধিকারী এস আর খান বলেন, তিনি চিঠি পাননি। তবে পাঁচ দিন সাত ঘণ্টা করে বন্ধ রাখার কথা শুনেছেন। এতে তাঁরা আতঙ্কিত। এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে তাঁরা ব্যাংকের কিস্তি দিতে পারবেন না।নাভানা সিএনজি লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক সুমিত কুমার সাহা জানান, এ বিষয়ে তাঁরা কোনো চিঠি পাননি। কিছু কিছু সিএনজি স্টেশনে চিঠি দেওয়া হয়েছে বলে তিনি শুনেছেন।