তিতাসের দুই পাড়ে লাখো মানুষের উল্লাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে গতকাল জেলা প্রশাসনের আয়োজনে নৌকাবাইচ অনুষ্ঠিত হয় l ছবি: প্রথম আলো
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে গতকাল জেলা প্রশাসনের আয়োজনে নৌকাবাইচ অনুষ্ঠিত হয় l ছবি: প্রথম আলো

ভাদ্রের আকাশে এই মেঘ, এই রোদ। দুপুরের কড়া রোদে চারদিকে হাপিত্যেশ। তবু থেমে নেই অদ্বৈত মল্লবর্মনের তিতাস নদের দুই পাড় ঘিরে লাখো মানুষের উল্লাস। বাঁশি-কাঁসা-করতালের তালে তালে বইঠার ছলাৎ ছলাৎ আর মাল্লাদের কোরাস ‘হেঁইও রে হেঁইও’। দর্শকদের হাততালি বাড়তি উৎসাহ জোগাল নৌকাগুলোকে।
এভাবেই গতকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার মানুষ নেচে-গেয়ে আনন্দ-উচ্ছ্বাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ উপভোগ করেন। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদের শিমরাইলকান্দি শ্মশানঘাট থেকে মেড্ডা কালাগাজীর মাজার পর্যন্ত অংশে এ বাইচ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গ্যাসফিল্ডস কোম্পানি লিমিটেড এবং ইউনিয়ন ব্রিকসের পৃষ্ঠপোষকতায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন এ প্রতিযোগিতার আয়োজন করে।
সকাল থেকে জেলার বিভিন্ন অঞ্চলের ছোট-বড় নৌকা নিয়ে উৎসাহী দর্শকেরা নদীর দুই পাড়ে হাজির হতে থাকেন। বেলা আড়াইটায় নৌকাবাইচ শুরু হওয়ার কথা থাকলেও দুপুরের আগেই নৌকায় লাখো দর্শক অবস্থান নেন। বাইচ চলাকালে বাদ্যযন্ত্রের তালে তালে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। মাঝিমাল্লাদের পরনে ছিল বাহারি পোশাক।
বিজয়নগর উপজেলার বিন্নিঘাটে বাবুল মিয়া নামে এক ব্যক্তি ৭০ হাত দৈর্ঘ্যের নৌকায় ৬৬ জন মাল্লা নিয়ে প্রথমবার প্রতিযোগিতায় অংশ নিতে আসেন। বাবুল মিয়া বলেন, ‘প্রতিযোগিতায় অংশ নিতে ২ লাখ ৮৫ হাজার টাকায় নৌকাটি কিনেছি। নৌকায় রং করা, সাজানো বইঠা এবং মাল্লাদের পোশাক বাবদ এ পর্যন্ত মোট পাঁচ লাখ টাকা খরচ হয়েছে। আনন্দ-উল্লাস হবে—এটাই লাভ।’
বেলা সাড়ে তিনটার দিকে শহরের শিমরাইলকান্দি শ্মশানঘাট থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। শহরের দক্ষিণ প্রান্তের শিমরাইলকান্দি শ্মশানঘাট থেকে নৌকাবাইচ মেড্ডা কালাগাজীর মাজার এলাকায় গিয়ে শেষ হয়। এতে ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ বিভিন্ন উপজেলার ১১টি এবং কিশোরগঞ্জের নিকলী উপজেলা থেকে ২টি নৌকা অংশ নেয়।
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদে কবে প্রথম নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে, তা জানা যায়নি। ব্রাহ্মণবাড়িয়ার তৎকালীন মহকুমা প্রশাসক মি. ওয়ারসের ও ত্রিপুরা জেলা গেজেটিয়ার বর্ণনা থেকে জানা যায়, সুদূর অতীতকালে মনসাপূজা উপলক্ষে ১৯০৮ সালে বাংলা তারিখ অনুযায়ী পয়লা ভাদ্রে তিতাসে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া মুখ্য বিচারিক হাকিম মুনির কামাল, পুলিশ সুপার মিজানুর রহমান, বাংলাদেশ গ্যাসফিল্ডস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশিরুল হক ভূঞাসহ অনেকেই উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন ওসমান গণি ও মনির হোসেন।
উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, ‘নৌকাবাইচ দেশের হাজার বছরের ঐতিহ্যবাহী উৎসব। ব্রাহ্মণবাড়িয়ায় এই ঐতিহ্য ধরে বাইচের আয়োজন অব্যাহত থাকবে। আমরা চাই, মানুষ যেন শিকড় ভুলে না যায়।’
প্রতিযোগিতায় প্রথম হওয়া দলকে একটি ফ্রিজ, দ্বিতীয় ও তৃতীয় স্থান দখলকারী দলকে একটি করে টেলিভিশন দিয়ে পুরস্কৃত করা হয়। এ ছাড়া জেলা থেকে প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রত্যেক দলকে ১৫ হাজার টাকা এবং নিকলীর দুটি দলকে ২৫ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়।