তিতাসের নতুন স্তরে গ্যাস পাওয়া গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সবচেয়ে পুরোনো ও বড় গ্যাসক্ষেত্র তিতাসে নতুন স্তরে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। ক্ষেত্রটিতে নতুন করে খনন করা তিনটি কূপ গ্যাসের এই নতুন স্তরের সন্ধান দিয়েছে। স্তরগুলোতে গ্যাসের চাপও ভালো বলে তিতাস গ্যাসক্ষেত্রের সূত্রে জানা গেছে।
তিতাস গ্যাসক্ষেত্রে বাপেক্সের পরিচালিত ত্রিমাত্রিক ভূকম্পন জরিপে এই স্তরগুলো চিহ্নিত করা হয়েছিল। সে অনুযায়ীই কূপ খননের স্থান নির্ধারণ করা হয়। ওই ত্রিমাত্রিক জরিপের ফলাফলে তিতাস গ্যাসক্ষেত্রে আরও গভীরে নতুন নতুন স্তরে গ্যাস পাওয়ার সম্ভাবনা আছে বলে উল্লেখ করা হয়েছে।
জানতে চাইলে তিতাস গ্যাসক্ষেত্রের পরিচালক সংস্থা বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, নতুন স্তরগুলো থেকে কূপ বন্ধ রাখা অবস্থায়ও ৩ হাজার ৭০০ থেকে ৩ হাজার ৮০০ পিএসআই (পাউন্ড পার স্কয়ার ইঞ্চি) গ্যাসের চাপ পাওয়া যাচ্ছে। এটা আশাব্যঞ্জক। কারণ তিতাসের অন্যান্য কূপে এখন গ্যাসের চাপ ১ হাজার ৯০০ থেকে ২ হাজার ১০০ পিএসআইতে নেমে গেছে।
তিতাস গ্যাসক্ষেত্রে বর্তমানে ২২টি কূপ চালু আছে। তাতে প্রতিদিন গ্যাস উত্তোলন হচ্ছে ৫২ কোটি (৫২০ মিলিয়ন) ঘনফুট। নতুন তিনটি কূপ খনন শেষ হয়েছে। আরও একটির খননকাজ শুরু হচ্ছে। এগুলো চালু হলে এই ক্ষেত্র থেকে প্রতিদিন ৬০ কোটি ঘনফুট পর্যন্ত গ্যাস পাওয়া যেতে পারে বলে বিজিএফসিএলের সূত্র জানায়।
ওদিকে ভোলার শাহবাজপুর গ্যাসক্ষেত্রের ৪ নম্বর কূপ সংস্কার (ওয়ার্কওভার) করেও আশা-জাগানিয়া ফল পাওয়া গেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) সূত্র জানায়, রাশিয়ার কোম্পানি গ্যাজপ্রম এই কূপটি খনন করেছিল। কিন্তু কোনো সমস্যার কারণে গ্যাসের আশাব্যঞ্জক প্রবাহ হচ্ছিল না। পরে বাপেক্স ওয়ার্কওভার করলে গ্যাসের প্রবাহ পাওয়া যায়।
বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মো. আতিকুজ্জামান প্রথম আলোকে বলেন, কূপটিতে গ্যাসের যে চাপ পাওয়া গেছে তাতে এটি থেকে প্রতিদিন আড়াই থেকে তিন কোটি ঘনফুট গ্যাস তোলা সম্ভব হতে পারে।
দেশে গ্যাসের চাহিদা ক্রমাগতভাবে বাড়ছে। কিন্তু দেশের ক্ষেত্রগুলোতে উত্তোলনযোগ্য গ্যাসের পরিমাণ কমছে। নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানের কাজও শ্লথ হয়ে পড়েছে। এই অবস্থায় বিদ্যমান ক্ষেত্রগুলোতে গ্যাসের নতুন স্তর পাওয়া নিশ্চিত সুখবর। পেট্রোবাংলার হিসাব অনুযায়ী দেশে বর্তমানে দৈনিক গ্যাসের চাহিদা অন্তত ৩২০ কোটি ঘনফুট। সরবরাহ আছে ২৭০ কোটি। এই ৫০ কোটি ঘনফুট ঘাটতির ফলে বিদ্যুৎ ও সার উৎপাদন ব্যাহত হচ্ছে। শিল্প-কারখানা চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছে না। বাসাবাড়িতে গৃহস্থালি কাজে ব্যবহারের জন্যও গ্যাসের অভাব লেগেই আছে। সরকার সব শ্রেণির গ্রাহকের ক্ষেত্রে গ্যাসের নতুন সংযোগ দেওয়া বন্ধ রেখেছে। পাশাপাশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করে গ্যাসের ঘাটতি পূরণের উদ্যোগ নিয়েছে।