তিতাসের পাইপ ফেটে আগুন দুই ঘণ্টা যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকায় গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে তিতাসের ভূগর্ভস্থ পাইপ ফেটে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয় এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।এলাকাবাসী ও দমকল বাহিনী সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর পূর্বপাড়া মালেক স্পিনিং কারখানার গেটের সামনে দীর্ঘদিন ধরে তিতাসের পাইপ ফেটে গ্যাস বের হচ্ছিল। গতকাল শুক্রবার হওয়ায় বেশির ভাগ শিল্পকারখানা বন্ধ থাকায় ওই ফাটল দিয়ে বুদবুদ করে গ্যাস বের হতে থাকে। গ্যাসের গন্ধ আশপাশ এলাকায় ছড়িয়ে পড়ে। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ওই স্থানে সিগারেটের বা অন্য কোনোভাবে আগুন ধরে যায়। মুহূর্তে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। এ সময় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়লে আশপাশের দোকানপাট বন্ধ এবং মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা পানি দিয়ে দীর্ঘ সময় চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি। পুলিশের সহায়তায় মহাসড়কে থাকা একটি বালুর ট্রাক থেকে বালু নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টাও ব্যর্থ হয়। মহাসড়কের ওপরে আগুন জ্বলতে থাকায় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সফিপুর বাজারের ব্যবসায়ী জহিরুল ইসলাম জানান, ওই স্থানে সেতুর পাশ থেকে দীর্ঘদিন ধরে তিতাসের ভূগর্ভস্থ গ্যাসপাইপ ফেটে গ্যাস বের হচ্ছে। তিতাস কর্তৃপক্ষ কয়েকবার কাজও করেছে। এখন পর্যন্ত ওই স্থানটি মেরামত করা হয়নি। তিতাসের গাজীপুর শাখার ব্যবস্থাপক নজরুল ইসলাম জানান, গ্যাসলাইনের ফাটলটি টঙ্গী তিতাস অফিসের মেরামত করার কথা থাকলেও তারা কী কারণে কাজটি শেষ করেনি, তা জানা নেই। তবে ঘটনাস্থলে তিতাসের একটি টিম গেছে।কালিয়াকৈর দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা আবদুস সামাদ জানান, গ্যাসের চাপে ব্যাপকতা থাকায় আগুন পানি বা বালু কিছু দিয়েও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। গতকাল রাত আটটা ১০ মিনিট পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছিল।