তিতাসের মিটার রিডারদের দুর্নীতি তদন্ত করবে সংসদীয় উপকমিটি
তিতাস গ্যাসের মিটার রিডারদের দুর্নীতির অভিযোগ তদন্ত করবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। তিতাসের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তদন্ত করা হবে। তদন্তের জন্য একটি সংসদীয় উপকমিটি গঠন করা হয়েছে। এই উপকমিটির প্রধান করা হয়েছে কমিটির সদস্য ওমর ফারুক চৌধুরীকে।জাতীয় সংসদ ভবনে গতকাল বুধবার সংসদীয় কমিটির সভায় এই উপকমিটি করা হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া।সভার সূত্র জানায়, তিতাস গ্যাসের মিটার রিডার ও কয়েকজন কর্মকর্তার দুর্নীতির অভিযোগ নিয়ে সভায় আলোচনা হয়। সভায় বলা হয়, এসব কর্মকর্তা-কর্মচারী দুর্নীতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকার মালিক হয়েছেন। এর মধ্যে রাজধানীর লালমাটিয়া গ্যাস অফিসের কয়েকজন কর্মকর্তাও রয়েছেন। দুর্নীতির অভিযোগের সঙ্গে বিভিন্ন তথ্যপ্রমাণও কমিটির কাছে পাঠানো হয়েছে। শতাধিক ব্যক্তির বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে। সভায় গ্যাসের সিস্টেম লস নিয়েও আলোচনা হয়। সভায় পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের কারণে গ্যাসের অপচয় বেশি হওয়ায় এর পরিবর্তে গ্যাস সিলিন্ডারকে জনপ্রিয় করার উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়। সভায় ভোলায় মজুদ করা গ্যাস দিয়ে শিল্পভিত্তিক অঞ্চল গড়ে তোলার এবং এ গ্যাস দেশের কল্যাণে ব্যবহারের সুপারিশ করা হয়।সভায় জানানো হয়, বিদ্যুৎ উৎপাদনের বিষয়ে অভিজ্ঞতা অর্জনের জন্য বিদ্যুৎ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্যরা আগামী ১১ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত জার্মানি সফর করবেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক, আবদুল মতিন খসরু, আবদুল কাদের খান, ওমর ফারুক চৌধুরী, শেখ ফজলে নূর তাপস ও আবদুল্লাহ আল ইসলাম সভায় অংশ নেন।