তিতাসের মূল পাইপ থেকে সংযোগ নিতে গিয়ে দুর্ঘটনা, আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের মাসদাইর শের-ই-বাংলা সড়কে গতকাল বুধবার তিতাস গ্যাসের মূল পাইপলাইন থেকে সংযোগ নেওয়ার সময় দুর্ঘটনা ঘটেছে। এ সময় প্রচণ্ড শব্দে গ্যাস বের হতে থাকে। তখন এলাকাবাসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
শের-ই-বাংলা সড়কের বাসিন্দা মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বলেন, তাঁর প্রতিবেশী নুর ইসলাম মাস্টারের বাড়ির গলিতে প্রায় ১৫ বছর আগের তিতাস গ্যাসের সংযোগ রয়েছে। গ্যাসের প্রেশার (চাপ) না থাকায় নুর ইসলাম তিতাস অফিসে না জানিয়ে গতকাল স্থানীয় দুই ঠিকাদারের মাধ্যমে মূল পাইপলাইন থেকে তাঁর বাড়িতে সংযোগ নিচ্ছিলেন। বেলা দেড়টার দিকে হঠাৎ মূল লাইনের সার্ভিস টিপ ক্যাপ বা হুইস নাট খুলে যায়। এ নাট পুনঃস্থাপন করতে না পেরে দুই ঠিকাদার হানিফ ও শাহ আলম পালিয়ে যান। এ সময় মূল পাইপ থেকে শোঁ শোঁ শব্দে গ্যাস ২০-২৫ ফুট ওপর পর্যন্ত উঠতে থাকে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নুর ইসলামের আশপাশের সব বাড়ির মানুষ ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে। এ সময় শের-ই-বাংলা সড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) অনুপ অধিকারী বলেন, থানা থেকে কয়েকবার তিতাস অফিসে ফোন করা হয়েছে। কিন্তু তারা এসেছে আড়াই ঘণ্টা পর। এই গ্যাস-সংযোগটি অবৈধ কি না, তা তিতাস অফিসের লোকজন পরীক্ষা করার পর বোঝা যাবে।
তিতাস ফতুল্লা জোনের তত্ত্বাবধায়ক (সুপারভাইজার) রফিকুল ইসলাম বলেন, মূল পাইপলাইন থেকে যে সংযোগটি নুর ইসলাম মাস্টারের বাড়িতে নেওয়া হয়েছে, তা সম্পূর্ণ অবৈধ। কোনো আবাসিক সংযোগে সাধারণত দুই ইঞ্চি ব্যাসার্ধের পাইপ দেওয়া হয় না।
নারায়ণগঞ্জ তিতাসের সহকারী প্রকৌশলী জুয়েল রানা জানান, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নুর ইসলাম মাস্টারের গ্যাস-সংযোগের কাগজপত্র দেখে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।’