তিতাসের লাইন মেরামত হয়নি গ্যাস বের হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় বংশী নদীর তলদেশ দিয়ে নেওয়া তিতাসের সঞ্চালন লাইন মেরামত করা সম্ভব হয়নি। লাইনের ফেটে যাওয়া অংশ দিয়ে গতকাল সোমবারও তীব্র বেগে গ্যাস বের হতে দেখা যায়। গ্যাসের চাপে দুই থেকে তিন ফুট করে পানি ওপরে উঠে আসছিল।
তিতাস সাভার ব্যবস্থাপকের কার্যালয় সূত্রে জানা যায়, বালুবাহী ট্রলারের ধাক্কায় আমিনবাজার থেকে সাভার পর্যন্ত সঞ্চালন লাইনের কিছু অংশ ফেটে গিয়ে রোববার বিকেল থেকে সেখান দিয়ে তীব্র গতিতে গ্যাস বের হতে থাকে। এরপর গতকাল সকাল সাড়ে ১০টার দিকে মেরামতকাজে অভিজ্ঞ তিতাসের এক ঠিকাদার কয়েকজন কর্মী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা নদীর দক্ষিণ তীরে খোঁড়াখুঁড়ি করে চলে যান।
ঠিকাদার মো. সেলিম বলেন, দিনভর খোঁড়াখুঁড়ি করে লাইনের কোনো হদিস পাওয়া যায়নি। কাল (আজ মঙ্গলবার) খননযন্ত্র দিয়ে মাটি খুঁড়ে পাইপলাইন শনাক্ত করার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
জানতে চাইলে তিতাস সাভারের ব্যবস্থাপক সিরাজুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত লাইনটি মেরামতের জন্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করা হচ্ছে। আজ মঙ্গলবারের মধ্যে লাইনটি মেরামত করার সম্ভাবনা রয়েছে। দুর্ঘটনার পরও লাইনটি বন্ধ না করা প্রসঙ্গে তিনি বলেন, ওই লাইনের আওতায় শতাধিক কারখানাসহ চার হাজার আবাসিক সংযোগ রয়েছে। এ কারণে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়নি।