তিতাসের সরবরাহ বন্ধের ঘোষণায় সিলিন্ডার গ্যাসের দাম দ্বিগুণ
পাইপলাইনের সংস্কারকাজের জন্য গ্যাসের সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দেওয়ার পর কিশোরগঞ্জে গ্যাসের সিলিন্ডার ও কেরোসিন স্টোভের চাহিদা বেড়েছে। এক সপ্তাহ ধরে এগুলো দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে।
সপ্তাহ খানেক আগে কিশোরগঞ্জসহ আশপাশের পাঁচটি জেলার বেশ কিছু এলাকায় ১৫ সেপ্টেম্বর থেকে ছয় দিন গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা দেয় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। তিতাস গ্যাস কর্তৃপক্ষ মাইকিং করে বিষয়টি গ্রাহকদের জানিয়ে দেয়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় কিশোরগঞ্জে এক ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ ছিল। এরপর থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক ছিল।
গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা দেওয়ার পর জেলা শহরের বিভিন্ন দোকানে ১২ কেজির এলপিজি সিলিন্ডার বিক্রি হয়েছে ১৬০০ থেকে ১৮০০ টাকায়। অথচ আগে এর দাম ছিল ৯৫০ টাকা। এ ছাড়া ২০০ থেকে ৩০০ টাকার স্টোভ বিক্রি হয়েছে ৫০০ থেকে ৬০০ টাকায়। ৬২ টাকা লিটারের কেরোসিন বিক্রি হয়েছে ৮০ থেকে ৯০ টাকায়।
শহরের শোলাকিয়া এলাকার বাসিন্দা ইলিয়াস চৌধুরী বলেন, ‘গ্যাস সরবরাহ ছয় দিন বন্ধ থাকার ঘোষণা দেওয়ার পর সিলিন্ডার গ্যাসের চুলার সেট পাইনি। এক আত্মীয়ের কাছ থেকে চুলা ধার করে এনেছি। কিন্তু বেশির ভাগ দোকানে সিলিন্ডার নেই। এক দোকান থেকে ১৮০০ টাকায় একটি সিলিন্ডার কিনেছি।’ তিনি বলেন, সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকার কথা না বলে সাময়িক বন্ধের কথা বললে গ্রাহকদের এ ভোগান্তিতে পড়তে হতো না।
নাম প্রকাশে অনিচ্ছুক টেরিপট্টি এলাকার এক দোকানমালিক বলেন, ‘এক সপ্তাহ ধরে সিলিন্ডারের চাহিদা বেড়ে গেছে। আমরাও সরবরাহ পাচ্ছি না। যেগুলো ছিল সেগুলো বেশি দামে বিক্রি করেছি।’
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কিশোরগঞ্জ আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, জেলা সদরে প্রায় সাড়ে ১০ হাজার গ্রাহক রয়েছে। কার্যালয়ের ব্যবস্থাপক মোক্তার আহমেদ বলেন, নরসিংদীর মনোহরদী থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত ২৪ ইঞ্চি ব্যাসের ১২৫ কিলোমিটার পাইপলাইনে ময়লা জমে থাকায় গ্যাস সঞ্চালনে সমস্যা হচ্ছে। এ জন্য ১৫ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত কিশোরগঞ্জে গ্যাস সরবরাহ বন্ধ থাকার ঘোষণা দিয়ে মাইকিং করা হয়েছিল। লাইন চালু রেখে কাজ করায় কিশোরগঞ্জে গ্যাস সরবরাহে তেমন সমস্যা হচ্ছে না। বাকি চার দিনও কোনো সমস্যা হবে না। এরই মধ্যে প্রায় ৬০ কিলোমিটার পাইপলাইনের কাজ শেষ হয়েছে।