তিতাসের সাভার কার্যালয়ের চারজনকে বদলি
তিতাস গ্যাস বিপণন বিভাগের সাভার আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আবদুল ওয়াহাব তালুকদার, ব্যবস্থাপক খন্দকার আবদুস সবুরসহ চারজনকে প্রধান কার্যালয়ে বদলি করা হয়েছে। অন্য দুজন হলেন সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা সৈয়দ নাসির উদ্দিন ও সুপারভাইজার মেজবা উদ্দিন ভূঁইয়া।দুর্নীতি ও প্রতারণার অভিযোগ ওঠার পর এ চারজনকে মঙ্গলবার এক আদেশে বদলি করা হয়।তিতাস গ্যাসের একাধিক সূত্রে জানা গেছে, সংগঠনের চাপের মুখে অভিযুক্ত সৈয়দ নাসির উদ্দিন ও মেজবা উদ্দিনের সঙ্গে ডিজিএম ও ব্যবস্থাপককেও বদলি করতে বাধ্য হন।এক থেকে দুই লাখ টাকার বিনিময়ে তিতাস গ্যাস বিপণন বিভাগের সাভার আঞ্চলিক কার্যালয়ে এক শ্রেণীর কর্মকর্তা-কর্মচারী বাসাবাড়িতে অবৈধ সংযোগ ও অনুমোদনের অতিরিক্ত চুলা ব্যবহারের সুযোগ করে দেন। সংযোগ দেওয়ার কিছুদিন পর আবার ওই সব কর্মকর্তা-কর্মচারীদের অনেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেন। তাঁরা জেল ও জরিমানার পাশাপাশি সংযোগ বিচ্ছিন্ন রাখার ভয় দেখিয়ে অর্থের বিনিময়ে সংযোগ দিয়ে দেন।এসব দুর্নীতি ও প্রতারণার শিকার হয়ে সাভার অঞ্চলের গ্রাহকেরা অভিযুক্তদের অপসারণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেন। এর পরপরই কর্তৃপক্ষ দুই পদস্থ কর্মকর্তাসহ চারজনকে বদলির সিদ্ধান্ত নেন। সাভার আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক খন্দকার আবদুস সবুর বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।