তিতাসের সেই তালগাছটি কেটে ফেলা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার তিতাস উপজেলার ঐচারচর গ্রামের ব্যাপারীবাড়ির কবরস্থানের সেই তালগাছটি গত শুক্রবার রাতে কে বা কারা কেটে ফেলেছে। তালগাছটি রোগ সারাতে পারে—এমন বিশ্বাসে প্রতিদিন ওই গাছের সামনে হাজারো মানুষ জড়ো হতো।
তবে তালগাছটি কেটে ফেললেও গতকাল রোববারও কিছু লোক ওই তালগাছের গোড়ার সামনে গিয়ে রোগমুক্তির জন্য ভিড় করেন।
এর আগে গত বুধবার ‘রোগমুক্তির জন্য তালগাছের নিচে’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
উপজেলার হোমনার মহিষমারী গ্রামের নাট্যকার আবুল কাশেম জানান, তালগাছটি কেটে ফেলার পর ওই কবরস্থানে গতকাল লোকজনের যাওয়া কমেনি। পেন্নাই গ্রামের সুমন মিয়া বলেন, ‘তালগাছটি কেটে ফেলার পরও গতকাল শরীরের চারটি রোগ সারাতে ওই তালগাছের কাছে গিয়েছিলাম।’
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান প্রথম আলোকে জানান, একশ্রেণির লোক তালগাছটি রাতের আঁধারে কাটার পর সেখানে ‘রোজা কর নামাজ পড়, তালগাছের পূজা বন্ধ কর’—এ জাতীয় একটি লিফলেট লিখে রেখে যান। তবে লোকজনকে বুঝিয়ে ওই কবরস্থানে যাওয়া বন্ধ করার পরিবেশ এখনো তৈরি হয়নি।