তিতাসের ১৯ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই
কুমিল্লার তিতাস উপজেলার ৯০টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৯টিতে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক নেই। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম। এতে ব্যাহত হচ্ছে পাঠদানসহ প্রশাসনিক কার্যক্রম।
উপজেলার কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে আলাপ করে জানা যায়, প্রধান শিক্ষক না থাকায় সহকারী শিক্ষকেরাই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকেরা মূলত দাপ্তরিক কাজ নিয়েই ব্যস্ত থাকেন। ফলে পাঠদানের জন্য অন্য শিক্ষকদের হিমশিম খেতে হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ৫২টি সরকারি, ৩৩টি জাতীয়করণ করা, তিনটি বেসরকারি, একটি কমিউনিটি বিদ্যালয় রয়েছে। এর মধ্যে সাগরফেনা, ওমরপুর, চরকুমারিয়া, নাগেরচর, বিরামকান্দি, কাবাসকান্দি, ভিটিকান্দি, কলাকান্দি পূর্ব, নয়াকান্দি, উজিরাকান্দি, দাসকান্দি, খলিলাবাদ, দড়িমাছিমপুর, জগতপুর পশ্চিম, নারান্দিয়া দক্ষিণ, নয়াকান্দিয়া, ইসলামাবাদ, দুধগাটা ও দড়িগাঁও প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য।
চরকুমারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজিয়া আক্তার বলেন, এ বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ২০৩ জন; শিক্ষক চারজন। প্রধান শিক্ষক মফিজুল ইসলাম ২০১১ সালের জুলাইয়ে দাউদকান্দিতে বদলি হওয়ায় এবং একজন সহকারী শিক্ষকের পদ শূন্য থাকায় এখন পাঠদান ও পরীক্ষা চালাতে অসুবিধা হচ্ছে। এ অবস্থায় শিক্ষকেরা অতিরিক্ত কাজ করতে গিয়ে প্রায়ই অসুস্থ হয়ে পড়ছেন।
দড়িগাও উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মাইনুদ্দীন সেলিম ও প্রধান শিক্ষক মহসীন কবির বলেন, এ বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা ২৭৬ জন। বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুল মজিদ মুন্সী ২০১২ সালের নভেম্বরে অন্যত্র বদলি হন।
উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামাল হোসেন বলেন, সহকারী শিক্ষকদের পদোন্নতি দিয়ে শূন্য পদগুলো পূরণের প্রক্রিয়া চলছে।