তিতাসের ২১ নম্বর কূপের সংস্কার করবে বাপেক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কোম্পানির পরিচালনাধীন তিতাস গ্যাসক্ষেত্রের ২১ নম্বর কূপটির সংস্কার করবে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে নিয়োজিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্স। গ্যাসের সঙ্গে অতিরিক্ত পানি ওঠায় ওই কূপটি থেকে প্রায় দুই সপ্তাহ আগে গ্যাস উত্তোলন বন্ধ করে দেওয়া হয়।
তিতাস গ্যাসক্ষেত্রের পরিচালক কোম্পানি—বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএ) ব্যবস্থাপনা পরিচালক নূরুল আবসার গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘বাপেক্সকে দিয়ে কূপটির ওয়ার্কওভার (সংস্কার) করানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে চিঠি পাঠানো হয়েছে। কবে এই ওয়ার্কওভার করা যাবে, সে সিদ্ধান্ত নেবে বাপেক্স, তাদের চলমান কাজের সঙ্গে সমন্বয় করে।’
বিদ্যমান গ্যাসক্ষেত্রগুলোর পাঁচটিতে ১০টি কূপ খননের চুক্তির অধীনে রাশিয়ার শীর্ষ জ্বালানি কোম্পানি গাজপ্রম তিতাসের এই কূপটিও খনন করে। গত বছরের ২৬ ডিসেম্বর কূপটি থেকে গ্যাস উত্তোলন শুরু হয়। এই কূপ থেকে প্রতিদিন দেড় কোটি ঘনফুট গ্যাস উঠছিল।
বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘যেকোনো কূপ থেকেই কখনো কখনো এ রকম অতিরিক্ত পানি আসতে পারে। এটা একেবারে অস্বাভাবিক ঘটনা নয়। সংস্কার করে পানি আসার কারণ বন্ধ করতে হবে।’
অন্যান্য সংশ্লিষ্ট সূত্র জানায়, তিতাস গ্যাসক্ষেত্রে এখন পর্যন্ত ২৩টি কূপ খনন করা হয়েছে। এর মধ্যে বর্তমানে ২০টি থেকে গ্যাস তোলা হচ্ছে। সামগ্রিকভাবে ক্ষেত্রটিতে গ্যাসের চাপ প্রাথমিক অবস্থার তুলনায় প্রায় অর্ধেকে নেমে আসায় সবগুলো কূপেই গ্যাসের চাপ কমছে। ইতিমধ্যে কোনো কোনো কূপের পরিধি বাড়িয়ে নতুন স্তর থেকে গ্যাস তোলা হচ্ছে। এই প্রেক্ষাপটে একটি কূপ থেকে অতিরিক্ত পানি আসা খুব ভালো লক্ষণ নয়।