তিতাসের ৫৭ কর্মচারীকে বিজিডিসিএলে বদলি
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোম্পানি লিমিটেডের (টিজিটিডিসিএল) ৫৭ জন কর্মকর্তা-কর্মচারীকে প্রেষণে কুমিল্লার বাখরাবাদ গ্যাস সিস্টেমস ডিস্ট্রিবিউশন কোম্পানিতে (বিজিডিসিএল) বদলি করা হয়েছে। ৪ আগস্ট পেট্রোবাংলার চেয়ারম্যান মো. হোসেন মনসুর স্বাক্ষরিত এক অফিস আদেশে টিজিটিডিসিএলের ব্রাহ্মণবাড়িয়া এলাকায় কর্মরত ছয়জন কর্মকর্তা ও ৫১ জন কর্মচারীকে বিজিডিসিএলে প্রেষণে বদলির নির্দেশ দেওয়া হয়। পেট্রোবাংলার চেয়ারম্যান স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এবং বৃহত্তর নোয়াখালী জেলাকে অন্তর্ভুক্ত করে বিজিডিসিএল গঠন করা হয়। অন্যদিকে বৃহত্তর চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম এলাকাকে অন্তর্ভুক্ত করে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) গঠন করা হয়। ২০০৮ সালের ২ ডিসেম্বর পেট্রোবাংলার পরিচালনা বোর্ডের ৩৯২তম সভায় এর অনুমোদন হয়। বিজিডিসিএল কুমিল্লার ব্যবস্থাপনা পরিচালক মো. খুরশিদুল হাসান বলেন, ‘বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেডকে পুনর্বিন্যাস করে যে দুইটি কোম্পানি হলো, তার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। ব্রাহ্মণবাড়িয়াকে কুমিল্লার বাখরাবাদের সঙ্গে সংযুক্ত করায় নতুন কোম্পানিটির প্রথম ধাপ বাস্তবায়িত হলো। পর্যায়ক্রমে তিতাসের অবকাঠামো ও লোকবল এর সঙ্গে সম্পৃক্ত হবে।’