তিতাসের ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২০ নম্বর কূপের গ্যাস আজ বুধবার থেকে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে।

নানা পরীক্ষা-নিরীক্ষার পর সকাল সাড়ে নয়টা থেকে উত্তোলন করা ৮০ লাখ (৮ মিলিয়ন) ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়। ২২ অক্টোবর এ কূপের খননকাজ শেষ হয়েছিল।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পর্যায়ক্রমে এই কূপের গ্যাস উত্পাদন আরও বাড়ানো হবে। এ কূপ থেকে প্রতিদিন দুই কোটি (২০ মিলিয়ন) ঘনফুট গ্যাস উত্তোলনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। শহরের ঘাটুরা এলাকায় তিতাস নদীর তীরে চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কোম্পানি (বাপেক্স) এ কূপের খননকাজ শুরু করে।

২০ নম্বর কূপের প্রকল্প পরিচালক আহাম্মদ হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, ১৫০ কোটি টাকা ব্যয়ে কূপটি খনন করা হয়। এ কূপের আট মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হয়েছে। এর ফলে আজ থেকেই জাতীয় গ্রিডে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি মোট ৭৮৩ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করছে।