তিতুমীর কলেজের পাঁচ ছাত্রকে কারাগারে পাঠানোর নির্দেশ
রাজধানীর তিতুমীর কলেজ ক্যাম্পাসে ভাঙচুর ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলায় ওই কলেজের পাঁচ ছাত্রকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ মাজহারুল ইসলাম এই আদেশ দেন। পুলিশ জানিয়েছে, তাঁরা সবাই ছাত্রলীগের কর্মী।
ওই পাঁচজন হলেন: তিতুমীর কলেজের তৃতীয় বর্ষের ছাত্র কাজী রহমত উল্লাহ, ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র সোহেল রানা, বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র জাহিদ হাসান, তৃতীয় বর্ষের ছাত্র জহিরুল ইসলাম ও রসায়ন বিভাগের প্রথম বর্ষের ছাত্র আরাফাত হাওলাদার।
এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক (এসআই) এ কে এম নুরুল হক এই পাঁচজনকে আদালতে হাজির করে ১০ দিনের করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়েছে এই আসামিরাসহ অজ্ঞাত ১৫০ জন সন্ত্রাসী ও বিপথগামী ছাত্র লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র দিয়ে কলেজের বিভিন্ন স্থানে বেপরোয়া ভাঙচুর, হামলা ও সাধারণ ছাত্রছাত্রীদের মারধর করেন। তাঁদের তাণ্ডবে কলেজে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়। পলাতক অপর আসামিদের পূর্ণাঙ্গ নাম ঠিকানা বের করে গ্রেপ্তারের জন্য ও ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য এই আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন উভয় আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গতকাল বুধবার তিতুমীর কলেজে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে এই পাঁচজনের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে বনানী থানায় মামলা করেন কলেজের মার্কেটিং বিভাগের প্রধান অধ্যাপক ময়েজ উদ্দিন।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা এ কে এম নুরুল হক প্রথম আলোকে বলেন, এই পাঁচজনই কলেজ শাখা ছাত্রলীগের কর্মী। আধিপত্য বিস্তারের জন্যই এই সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।