তিতুমীর কলেজের প্রদর্শক গ্রেপ্তার, কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মহাখালীতে শিশু গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় গৃহকর্ত্রী মরিয়ম সুলতানা ও তাঁর মা আম্বিয়া মকবুলকে গ্রেপ্তার করেছে বনানী থানার পুলিশ। গতকাল শুক্রবার গভীর রাতে মহাখালীর বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

মরিয়ম সুলতানা মহাখালীর সরকারি তিতুমীর কলেজের রসায়ন বিজ্ঞানের প্রদর্শক।
বনানী থানার অপারেশন কর্মকর্তা আবু বকর মিয়া প্রথম আলো ডটকমকে জানান, গতকাল রাতে ওই গৃহকর্মীর চাচা মো. আলম বাদী হয়ে গৃহকর্ত্রী মরিয়ম সুলতানা, তাঁর মা আম্বিয়া মকবুল, বাবা মকবুল হোসেন ও ভাই আরিফ হোসেনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। এরপর পুলিশ গভীর রাতে মরিয়মের ৯৪/৪ মহাখালীর বাসায় অভিযান চালিয়ে তাঁকে এবং তাঁর মা আম্বিয়াকে গ্রেপ্তার করে। আজ শনিবার তাঁদের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পলাতক অপর দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মামলার এজাহারে বলা হয়, চার মাস ধরে এজাহারভুক্ত আসামিরা হাত-পায়ে শিকল পরিয়ে গৃহকর্মীকে একটি অন্ধকার কক্ষে রেখে নির্যাতন চালিয়ে আসছিল। রুটি তৈরির বেলুন দিয়ে তাকে পেটানো হতো। ছ্যাঁকা দেওয়া হতো গরম খুন্তি দিয়ে। পরে গৃহকর্তা রাসেল সরদারের কাছে খবর পেয়ে বনানী থানা পুলিশের সহায়তায় ৩ সেপ্টেম্বর নির্যাতিত শিশুকে উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।
এজাহারে উল্লেখ করা হয়, গৃহকর্তা রাসেলের সঙ্গে গৃহকর্ত্রী মরিয়মের বনিবনা ছিল না।