তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ
সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা পরীক্ষা ও সেমিনার ফি কমানোর দাবিতে গতকাল শনিবার সকালে কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
বনানী থানার পুলিশ জানায়, তিতুমীর কলেজের শিক্ষার্থীরা গতকাল সকাল সাড়ে ১০টার পর পরীক্ষা ও সেমিনার ফি কমানোর দাবিতে কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় দুই দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়।
এতে আশপাশের সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ বুঝিয়ে তাঁদের রাস্তা থেকে সরিয়ে দিলে বেলা ১১টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। তাঁরা কলেজে ঢোকার আগে বলেন, সোমবার ফের তাঁরা রাস্তায় নামবেন। এর আগে এই দাবিতে শিক্ষার্থীরা একই দাবিতে সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত মানববন্ধন করেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের পরীক্ষা ও বিভিন্ন বিভাগের সেমিনার ফি নির্ধারিত হারের চেয়ে অনেক বেশি আদায় করছে কলেজ কর্তৃপক্ষ। অন্য সরকারি কলেজের তুলনায় এই ফি ১ হাজার ১০০ থেকে শুরু করে চার হাজার টাকা পর্যন্ত বেশি। কোন খাতে বাড়তি টাকা নেওয়া হচ্ছে, তা-ও স্পষ্ট করা হয়নি।
রাতে যোগাযোগ করা হলে পুলিশের গুলশান অঞ্চলের সহকারী কমিশনার রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে রাস্তায় নামলে তাঁদের বুঝিয়ে কলেজে ফিরিয়ে দেওয়া হয়। এতে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।