তিন অগ্রগতি প্রতিবেদন দাখিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় তিনটি অগ্রগতি প্রতিবেদন গতকাল মঙ্গলবার হাইকোর্টে দাখিল করা হয়েছে। আদালত বলেছেন, জনমনে যাতে প্রশ্ন না ওঠে, সেদিকে খেয়াল রাখতে হবে।
আদালত পরবর্তী আদেশের জন্য আগামী ১০ ডিসেম্বর দিন ধার্য করেছেন। বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই দিন ধার্য করেন।
গতকাল মধ্যাহ্ন বিরতির পর শুনানিতে অংশ নিয়ে সাত খুনের ঘটনায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), র্যাব ও সাত সদস্যের প্রশাসনিক তদন্ত কমিটির কার্যক্রমের পৃথক তিনটি অগ্রগতি প্রতিবেদন পর্যায়ক্রমে আদালতে তুলে ধরেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির। তাঁকে সহায়তা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম নাজমুল হক।
আইজিপির প্রতিবেদন তুলে ধরে মোমতাজ উদ্দিন বলেন, যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা পালন করা হয়েছে। র্যাবের প্রতিবেদন তুলে ধরে তিনি বলেন, এ পর্যন্ত ৮৭ সাক্ষীর সাক্ষ্য ও জবানবন্দি নেওয়া হয়েছে। এসব জবানবন্দি পর্যালোচনা করা হচ্ছে। তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করতে এক সপ্তাহ সময় প্রয়োজন।
এরপর প্রশাসনিক তদন্ত কমিটির প্রতিবেদন তুলে ধরে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেন, কমিটি চার সপ্তাহ সময় চেয়েছে। চাকরিচ্যুত র্যাবের সাবেক তিন কর্মকর্তা, নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী, সাংসদ শামীম ওসমানসহ ৩৭৪ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। সাক্ষ্য পর্যালোচনা করা হচ্ছে। এ থেকে সার্বিক বিষয়ে মোটামুটি ধারণা পাওয়া গেছে। নতুন সাক্ষী পাওয়া গেলে সাক্ষ্য নেওয়া হবে। ভারতে আটক নূর হোসেনের সাক্ষ্য গ্রহণের প্রয়োজন রয়েছে। সরকারের অনুমোদন সাপেক্ষে তাঁর সাক্ষ্য নেওয়া হবে। সাক্ষ্য ও বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য-উপাত্ত পর্যালোচনা করে প্রতিবেদন করতে চার সপ্তাহ সময় প্রয়োজন।
এ পর্যায়ে আদালত বলেন, ‘নারায়ণগঞ্জে র্যাবের (র্যাব-১১) একটি ইউনিট ছিল। সেখানে তাঁদের সবার নাম, ঠিকানা, পদবি আছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা তো কঠিন কাজ নয়। পত্রপত্রিকায় দেখেছি, আজ একজন, কাল একজন, সাত দিন পর একজন—এভাবে জবানবন্দি নেওয়া হচ্ছে। এটা করা হচ্ছে কি কোনো ব্যক্তিকে জড়ানোর জন্য, নাকি কোনো মহলকে রক্ষার জন্য? এ নিয়ে জনমনে যাতে প্রশ্ন না ওঠে, খেয়াল রাখতে হবে।’ মোমতাজ উদ্দিন ফকির বলেন, তাঁদের একাগ্রতা ও আন্তরিকতার অভাব নেই।
আদালত বলেন, ‘আপিল বিভাগ সিআইডিকে বাদ দিয়েছেন। আপিল বিভাগ কমপ্লি­ট জাস্টিস করেন। আমরা আইন অনুসারে আদেশ দিই।’ অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেন, আপনারা এন্ডস অব জাস্টিস করেন। আদালত বলেন, আপিল বিভাগ বলেছেন, সিআইডি অনুসন্ধান করতে পারবে না। তবে বাকিগুলো চলবে। এর অর্থ হচ্ছে, নিয়মিত তদন্তের পাশাপাশি অন্য অনুসন্ধানও চলবে।
শেষ পর্যায়ে আদালত বলেন, আপিল বিভাগের আদেশ দেখে ১০ ডিসেম্বর পরবর্তী আদেশ দেওয়া হবে।
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজন অপহৃত হন। শীতলক্ষ্যা নদী থেকে ৩০ এপ্রিল তাঁদের ছয়জনের ও পরদিন একজনের লাশ উদ্ধার করা হয়।