তিন অধ্যক্ষের বেতন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার বার বলার পরও চলতি শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির সময় নেওয়া অতিরিক্ত টাকা ফেরত বা বেতনের সঙ্গে সমন্বয় না করায় রাজধানীর নামকরা তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষের এমপিও (বেতনবাবদ মাসিক সরকারি টাকা) স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে কেন তাঁদের এমপিও স্থায়ীভাবে বাতিল করা হবে না সে জন্য কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।এই তিনজন হলেন মনিপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগম ও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মঞ্জুয়ারা বেগম। এ বিষয়ে আদেশ জারি করে তা বাস্তবায়ন করতে গতকাল বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন। জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশীদ বলেন, মন্ত্রণালয়ের নির্দেশ অনতিবিলম্বে কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে।নামকরা এই তিনটি বিদ্যালয় চলতি ২০১২ সালের ভর্তিতে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত নয় কোটি ৩১ লাখ ২৮ হাজার ১০০ টাকা আদায় করে। গত জানুযারি মাসের শেষদিকে মন্ত্রণালয় ভর্তিতে নেওয়া অতিরিক্ত টাকা ফেরত বা মাসিক বেতনের সঙ্গে সমন্বয় করার সিদ্ধান্ত নেয়। এরপর কিছু প্রতিষ্ঠান সমন্বয় করলেও এই তিনটি প্রতিষ্ঠান তা করেনি। সর্বশেষ গত ১১ নভেম্বর শিক্ষাসচিব মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের বলেন, টাকা ফেরত বা সমন্বয়ের জন্য এই তিনটি প্রতিষ্ঠানকে আরও ১৫ দিন সময় দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, এই সময়েও সন্তোষজনক জবাব না পাওয়ায় এই তিন অধ্যক্ষের এমপিও স্থগিতের সিদ্ধান্ত হয়েছে।