তিন অ্যাসিড নিক্ষেপকারীর যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় এক গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের দায়ে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ হয়েছে। তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ ও অ্যাসিড অপরাধ দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মো. আবদুল হামিদ আজ মঙ্গলবার দুপুরে এ রায় ঘোষণা করেন।

দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন নেত্রকোনা সদর উপজেলার বাগড়া গ্রামের বারেক (২৫), সিদ্দিক (৫০) ও রেজিয়া (৫০)।

আদালত সূত্রে জানা গেছে, সদর উপজেলার বাগড়া গ্রামের ওয়াদুদের দুই স্ত্রী রেজিয়া ও হাজেরা খাতুন। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে এই দুজনের মধ্যে মতবিরোধ চলত। নারী ও শিশু নির্যাতন দমন আইনের এক মামলায় ওয়াদুদ জেলে যান। ২০০৭ সালের ৩০ অক্টোবর আসামিরা হাজেরা খাতুনকে লক্ষ্য করে অ্যাসিড নিক্ষেপ করেন। এতে তাঁর মুখমণ্ডল ক্ষতিগ্রস্ত ও বাম চোখ একেবারে নষ্ট হয়ে যায়।

এ ঘটনার পরদিন ৩১ অক্টোবর হাজেরা খাতুনের ছোট বোন বাদী হয়ে থানায় মামলা করেন।