তিন আইনজীবী আদালতে, জবানবন্দি দিচ্ছেন একজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার তিন আইনজীবীর মধ্যে একজন একজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন। পরে অন্য দুজনেরও জবানবন্দি দেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন সরকারি কৌঁসুলি।

এর আগে এই তিন আইনজীবীকে সকালে চট্টগ্রামের বাঁশখালীর বিচারিক হাকিমের আদালতে আনা হয়েছে।

বাঁশখালী আদালতের সরকারি কৌঁসুলি বিকাশ রঞ্জন ধর বলেন, চার দিনের রিমান্ড শেষে আজ রোববার আইনজীবী শাকিলা ফারজানা, মো. হাছানুজ্জামান ও মো. মাহফুজ চৌধুরীকে আদালতে আনা হয়। তাঁদের মধ্যে হাছানুজ্জামান বাঁশখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম সাজ্জাদ হোসেনের খাসকামরায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন। বাকি দুই আসামির একই ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার কথা রয়েছে।

জঙ্গি অর্থায়নের অভিযোগে গত মঙ্গলবার রাতে রাজধানীর ধানমন্ডি থেকে এই তিন আইনজীবীকে গ্রেপ্তার করে র‍্যাব। পরদিন বাঁশখালীর আদালতে তাঁদের হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে নেওয়া হয়।

চট্টগ্রামের পতেঙ্গায় গত বুধবার সংবাদ সম্মেলনে র‍্যাব দাবি করে, ‘শহীদ হামজা ব্রিগেড’ নামের চট্টগ্রামভিত্তিক নতুন জঙ্গি সংগঠনের জন্য সংগৃহীত ১ কোটি ৩৮ লাখ ৭০ হাজার টাকার মধ্যে গ্রেপ্তার হওয়া তিন আইনজীবী ১ কোটি ৮ লাখ টাকা দিয়েছেন। এর মধ্যে শাকিলা দুই দফায় ২৫ লাখ ও ২৭ লাখ করে মোট ৫২ লাখ টাকা, মো. হাছানুজ্জামান ৩১ লাখ এবং মাহফুজ চৌধুরী ২৫ লাখ টাকা দিয়েছেন।

র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক সোহেল মাহমুদ গতকাল শনিবার দুপুরে প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে তিন আইনজীবী র‍্যাবকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাঁরা চাইলে রোববার (আজ) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে পারেন। তথ্য-প্রমাণের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। জঙ্গিদের অর্থ-সহায়তা দেওয়ার বিষয়ে আসামিদের অস্বীকার করার কিছু নেই।

আসামিদের আবারও রিমান্ডের আবেদন করা হবে কি না, জানতে চাইলে সোহেল মাহমুদ বলেন, ‘দেখা যাক কী হয়। মামলার তদন্ত চলছে। সময় হলে গণমাধ্যমকে সব জানানো হবে।’

শাকিলার আইনজীবী আবদুস সাত্তার প্রথম আলোর কাছে দাবি করেন, গ্রেপ্তার হওয়া তিন আইনজীবীর বিরুদ্ধে জঙ্গিদের অর্থ-সহায়তা দেওয়ার যে অভিযোগ আনা হয়েছে, তা সত্য নয়। মক্কেলদের মামলা পরিচালনার জন্য টাকা নিয়েছিলেন। পরে সেই টাকা ফেরত দিয়েছেন। এতে দোষের কিছু নেই।

শাকিলা ফারজানার স্বামী মো. বাহাদুর দাবি করেন, তাঁর স্ত্রী কোনো জঙ্গিকে টাকা দিতে পারেন না।