তিন আইনজীবী আরেক মামলায় আবার রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার তিন আইনজীবীকে সন্ত্রাসবিরোধী আইনের আরেকটি মামলায় জিজ্ঞাসাবাদ করতে রিমান্ডে নিয়েছে র্যা ব। গতকাল সোমবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মোসাদ্দেক মিনহাজ শুনানি শেষে এ আদেশ দেন।
চট্টগ্রাম জেলা আদালতের সরকারি কৌঁসুলি আবুল হাশেম প্রথম আলোকে বলেন, হাটহাজারী থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তিন আইনজীবীকে জিজ্ঞাসাবাদ করতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা র্যা ব-৭-এর সহকারী পরিচালক রুহুল আমিন। শুনানি শেষে আদালত শাকিলা ফারজানার ৪৮ ঘণ্টা এবং মো. হাছানুজ্জামান ও মাহফুজ চৌধুরীর ৭২ ঘণ্টা করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ওই মামলায় তিন আইনজীবীকে তদন্ত কর্মকর্তা শ্যোন অ্যারেস্ট (গ্রেপ্তার) দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবীরা মামলায় গ্রেপ্তার না দেখানো এবং রিমান্ড বাতিলের আবেদন করলে আদালত তা নাকচ করে দেন।
শাকিলা ফারজানাসহ তিন আসামির আইনজীবী আবদুস সাত্তার বলেন, বাঁশখালী থানার মামলায় রিমান্ড শেষে আসামিরা জবানবন্দি দেওয়ার পর নতুন করে রিমান্ডে নেওয়ার বিধান নেই। জবানবন্দিতে আসামিরা ‘শহীদ হামজা ব্রিগেড’ নামের জঙ্গি সংগঠনকে দেননি বলে উল্লেখ করেছেন। একজন আইনজীবী হিসেবে যেকোনো মক্কেলের কাছ থেকে টাকা নেওয়া ও দেওয়া দোষের কিছু নয়। এরপরও র্যা ব আরেকটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিয়েছে।
তবে সরকারি কৌঁসুলি আবুল হাশেম বলেন, মামলার তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তা প্রয়োজন মনে করলে আদালতের অনুমতি নিয়ে আসামিকে রিমান্ডে নিতে পারেন। যেহেতু জঙ্গি অর্থায়নের জন্য তিন আইনজীবী টাকা দিয়েছেন, সে কারণে তাঁদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। টাকাগুলো কে দিয়েছেন, এর পেছনে দেশি-বিদেশি কারা জড়িত, এসব তথ্য জানা দরকার।
গত ১৯ ফেব্রুয়ারি হাটহাজারী উপজেলার আলীপুর এলাকায় অভিযান চালিয়ে জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করে র্যা ব। এ ঘটনায় করা মামলায় তিন আইনজীবীকে গ্রেপ্তার দেখাতে গত রোববার আবেদন করে র্যা ব।
এদিকে গতকাল দুপুরে আদালত প্রাঙ্গণে পুলিশের উপস্থিতিতে আসামি শাকিলা ফারজানা প্রথম আলোর কাছে দাবি করেন, ‘আইনজীবী হিসেবে মামলা পরিচালনার জন্য টাকা নিয়েছিলাম। পরে সেই টাকা ফেরত দিই। আমি জঙ্গি নই।’ আসামি মো. হাছানুজ্জামান ও মাহফুজ চৌধুরীও নিজেদের জঙ্গি নয় বলে দাবি করেন।
শাকিলা ফারজানার মা ফরিদা ওয়াহিদ আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে দাবি করেন, রাজনৈতিক কারণে হয়রানি করতে তাঁর মেয়েকে মামলায় জড়ানো হয়েছে। কোনো অসৎ উদ্দেশ্য থাকলে শাকিলা বৈধভাবে ব্যাংকের মাধ্যমে টাকাগুলো লেনদেন করত না। মামলা পরিচালানার জন্য টাকা নিয়েছে, পরে সেগুলো ফেরত দেয়।
শাকিলার আইনজীবী আবদুস সাত্তার জানান, গতকাল শাকিলার সঙ্গে তাঁর কথা হয়েছে। শাকিলা তাঁকে বলেছেন, উসমান আমিন নামের এক ব্যক্তি হেফাজতে ইসলামের মামলা পরিচালনার জন্য টাকা দিয়েছেন। পরে শাকিলা টাকাগুলো তাঁকে ফেরত দেন।
গত ১৮ আগস্ট রাতে রাজধানীর ধানমন্ডি থেকে তিন আইনজীবীকে গ্রেপ্তার করে চট্টগ্রামের র্যা ব-৭। পরদিন সংবাদ সম্মেলনে র্যা ব দাবি করে, ‘শহীদ হামজা ব্রিগেড’ নামের চট্টগ্রামভিত্তিক নতুন জঙ্গি সংগঠনের জন্য সংগৃহীত ১ কোটি ৩৮ লাখ ৭০ হাজার টাকার মধ্যে গ্রেপ্তার তিন আইনজীবী ১ কোটি ৮ লাখ টাকা দিয়েছেন। এর মধ্যে আইনজীবী শাকিলা দুই দফায় ২৫ লাখ ও ২৭ লাখ করে মোট ৫২ লাখ টাকা, আইনজীবী মো. হাছানুজ্জামান ৩১ লাখ টাকা এবং মাহফুজ চৌধুরী ২৫ লাখ টাকা দিয়েছেন। পরে তাঁদের বাঁশখালী থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে চার দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে র্যা ব। গত রোববার বাঁশখালী আদালতে তিন আইনজীবী জবানবন্দি দেন।
এদিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপকারাধ্যক্ষ জাহেদুল আলম জানান, তিন আইনজীবীকে জিজ্ঞাসাবাদ করতে গতকাল বেলা তিনটার দিকে র্যা ব তাঁদের কারাগার থেকে নিয়ে যায়।