তিন আইনজীবীকে অপসারণ বার কাউন্সিলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশাগত অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন আইনজীবীকে আইন পেশা থেকে অপসারণ করেছে আইনজীবীদের নিয়ন্ত্রক ও তদারক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল।

এই তিনজন হলেন ঢাকা আইনজীবী সমিতির সদস্য মিনারা খাতুন লাকি, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য মো. শফিউল আজম চৌধুরী ও মো. তসলিম উদ্দিন।

গত ১৫ অক্টোবর বাংলাদেশ বার কাউন্সিল ট্রাইব্যুনাল পৃথক দুটি অভিযোগের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত দেন। আজ মঙ্গলবার বার কাউন্সিল ট্রাইব্যুনালের বেঞ্চ অফিসার কামনাশীষ রায় প্রথম আলোকে এ তথ্য জানান।

২০১১ সালের ২৪ নভেম্বর মিনারা খাতুনের বিরুদ্ধে বার কাউন্সিলে অভিযোগ করেন মামলার বাদী মোসাম্মত বিউটি। অভিযোগের ভাষ্য অনুসারে, মিনারা খাতুন মোছাম্মৎ বিউটির স্বামীকে একটি মামলায় জামিন করিয়ে দেবেন বলে ভুয়া, বানোয়াট ও সাজানো জামিননামা এবং মুক্তির আদেশ (রিলিজ অর্ডার) তৈরি করেন। তাঁর কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের উদ্দেশ্যে মিনারা খাতুন প্রতারণা করেছেন বলে অভিযোগ করেন মোছাম্মৎ বিউটি।

অপর দিকে চট্টগ্রাম আইনজীবী সমিতির সদস্য মো. শফিউল আজম চৌধুরী ও মো. তসলিম উদ্দিনের বিরুদ্ধে মো. মোসাদ্দেক চৌধুরী ২০১০ সালে ২৭ জানুয়ারি বার কাউন্সিলে অভিযোগ করেন বলে জানান কামনাশীষ রায়। মোসাদ্দেক চৌধুরীর অভিযোগের ভাষ্য, একটি নালিশি সম্পত্তি বিষয়ে চট্টগ্রামের প্রথম যুগ্ম জেলা জজ আদালতে মামলা করলে ওই মামলায় নিয়োজিত আইনজীবী হিসেবে থাকা সত্ত্বেও এবং মামলা বিচারাধীন থাকা অবস্থায় প্রতিপক্ষদ্বয় (ওই দুই সদস্য) পরস্পর যোগসাজশে নালিশি সম্পত্তি নিজ ও স্ত্রীদের নামে রেজিস্ট্রেশন বায়নানামা তৈরি করেন। এটি পেশাগত অসদাচরণ এবং বার কাউন্সিলের আইন ও বিধির পরিপন্থী।

কামনাশীষ রায় প্রথম আলোকে বলেন, মিনারা খাতুনের বিষয়ে বার কাউন্সিলের ট্রাইব্যুনাল-৫ এবং মো. শফিউল আজম চৌধুরী ও মো. তসলিম উদ্দিনের বিষয়ে বার কাউন্সিল ট্রাইব্যুনাল-১ অপসারণের ওই সিদ্ধান্ত নেন।

একাধিক আইনজীবীর কাছ থেকে জানা যায়, কাউন্সিলের এ সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদনের সুযোগ আছে।