তিন আইনজীবীকে আরও এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে
হাইকোর্টে বিশৃঙ্খলা সৃষ্টির মামলায় গ্রেপ্তার হওয়া বিএনপির সাংসদ সৈয়দা আশিফা আশরাফী পাপিয়াসহ তিন আইনজীবীকে আরও একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ধানমন্ডি থানার একটি মামলায় গতকাল বৃহস্পতিবার তাঁদের গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন করে মহানগর গোয়েন্দা পুলিশ।ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত রিমান্ড আবেদনের শুনানির জন্য আগামী ১৬ আগস্ট দিন ধার্য করেছেন।গত জুন মাসে বিএনপির ডাকা হরতালে গাড়ি পোড়ানোর অভিযোগে ধানমন্ডি থানায় ওই মামলাটি হয়েছিল। মামলাটি তদন্ত করছেন গোয়েন্দা (ডিবি) পুলিশের কর্মকর্তা ইনতাজ আলী।গতকাল পাপিয়াসহ বিএনপি-সমর্থক এই তিন আইনজীবীকে ধানমন্ডি থানার অন্য একটি মামলায় রিমান্ডের আবেদন করা হলে আদালত তা নাকচ করে তাঁদের জামিনে মুক্তির আদেশ দেন।জামিনের আবেদন নাকচ: হাইকোর্টে বিশৃঙ্খলার অভিযোগে শাহবাগ থানায় করা মামলায় এ তিন আইনজীবীর জামিনের আবেদন নাকচ করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এ মামলায়ও তাঁদের ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়। শুনানি শেষে রিমান্ডে নেওয়ার মতো উপাদান না থাকায় আদালত রিমান্ড আবেদন নাকচ করেন।