জঙ্গি সংগঠনকে অর্থ দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া তিন আইনজীবীকে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের পতেঙ্গায় র্যাব-৭ কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। র্যাবের দাবি, জিজ্ঞাসাবাদে ‘শহীদ হামজা ব্রিগেড’ নামের চট্টগ্রামভিত্তিক নতুন জঙ্গি সংগঠনটিকে টাকা দেওয়ার কথা স্বীকার করেছেন আইনজীবী শাকিলা ফারজানা।
এদিকে জঙ্গি অর্থায়নের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন আইনজীবীর গ্রেপ্তার হওয়ার ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক সচিবালয়ে সাংবাদিকদের বলেছেন, অভিযোগ প্রমাণিত হলে তাঁদের বার কাউন্সিল সনদ বাতিল হবে। মন্ত্রী তাঁদের (গ্রেপ্তার তিনজন) আইনজীবী পরিচয়ের ওপর গুরুত্ব না দিয়ে দলীয় পরিচয়ের ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন।
আনিসুল হক বলেন, ‘যে ব্যারিস্টার (শাকিলা ফারজানা) গ্রেপ্তার হলেন, তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের।... বিএনপির কোনো জনসমর্থন না থাকায় আগে তাঁরা যেটা প্রকাশ্যে করছিলেন, এখন তা গোপনে করছেন। জঙ্গিদের জন্য অর্থায়ন করে দেশে একটা অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছেন।’
তিন আইনজীবীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের বিষয়ে জানতে চাইলে র্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে শাকিলা তাঁর ব্যাংক হিসাব থেকে টাকাগুলো জঙ্গি মনিরুজ্জামান ওরফে ডনকে দেওয়ার কথা স্বীকার করেছেন। টাকাগুলো শাকিলাকে কে দিয়েছে এবং কেন দিয়েছে এর বিস্তারিত জানতে তাঁদের আরও জিজ্ঞাসাবাদ চলছে।
তবে শাকিলার আইনজীবী আবদুস সাত্তার প্রথম আলোকে বলেছেন, নাশকতার মামলা পরিচালনার জন্য অনেক মক্কেল তাঁকে (শাকিলাকে) টাকা দিয়েছেন। আবার অনেকের টাকা ফেরতও দিয়েছেন। কে জঙ্গি, কে জামায়াত-শিবির তা আইনজীবীর দেখার বিষয় নয়। তিনি বলেন, গত বুধবার বাঁশখালী আদালতে শাকিলা তাঁকে বলেছেন, মনিরুজ্জামান ডন নামের কাউকে তিনি চেনেন না।
গত মঙ্গলবার রাতে রাজধানীর ধানমন্ডি থেকে তিন আইনজীবীকে জঙ্গি অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে আইনজীবী শাকিলা ফারজানা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক। তাঁর বাবা সৈয়দ ওয়াহিদুল আলম চট্টগ্রামের হাটহাজারীর সাবেক সাংসদ এবং বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক। গ্রেপ্তার অপর দুজন হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হাসানুজ্জামান ও ঢাকা জজকোর্টের আইনজীবী মাহফুজ চৌধুরী। বুধবার সন্ধ্যায় বাঁশখালীর আদালতে হাজির করে তাঁদের প্রত্যেককে চার দিন করে রিমান্ডে নেয় র্যাব।
তিন আইনজীবীর গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল মানববন্ধন করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। বেলা সোয়া একটা থেকে দুইটা পর্যন্ত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের প্রাঙ্গণে মানববন্ধনে অর্ধশতাধিক আইনজীবী অংশ নেন।
মানববন্ধনের আগে অনুষ্ঠিত সমাবেশে আইনজীবীরা বলেন, শাকিলা ফারজানাসহ তিন আইনজীবীর বিরুদ্ধে জঙ্গি সংগঠনে অর্থায়নের যে অভিযোগ আনা হয়েছে, তা নিন্দনীয়। অবিলম্বে এ অভিযোগের দায় থেকে তাঁদের অব্যাহতি দেওয়া হোক। সমাবেশে বক্তব্য দেন আইনজীবী তৈমুর আলম খন্দকার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহসভাপতি এ এস এম মোক্তার কবির খান, সহসম্পাদক মাজেদুল ইসলাম পাটোয়ারী প্রমুখ।
এর আগে গত বুধবার চট্টগ্রামে সংবাদ সম্মেলনে র্যাব দাবি করে, মনিরুজ্জামানসহ কয়েকজন জঙ্গির স্বীকারোক্তিতে ‘শহীদ হামজা ব্রিগেড’-এর অর্থের জোগানদাতা হিসেবে এই তিন আইনজীবীর নাম এসেছে। আদালতের নির্দেশনা ও বাংলাদেশ ব্যাংকের সহায়তায় বিভিন্ন ব্যাংক হিসাব পর্যালোচনা করে দেখা যায়, এই জঙ্গি সংগঠনটির জন্য সংগৃহীত ১ কোটি ৩৮ লাখ ৭০ হাজার টাকার মধ্যে তিন আইনজীবী ১ কোটি ৮ লাখ টাকা দিয়েছেন। এ ছাড়া অর্থের জোগানদাতা হিসেবে দুবাইয়ের নাগরিক আল্লামা লিবদির নাম জানা গেছে।
র্যাবের দাবি, আইনজীবী শাকিলা দুই দফায় ২৫ লাখ ও ২৭ লাখ করে ৫২ লাখ টাকা, আইনজীবী মো. হাছানুজ্জামান ৩১ লাখ এবং মাহফুজ চৌধুরী ২৫ লাখ টাকা দিয়েছেন জঙ্গিদের।
আইনজীবীদের গ্রেপ্তারের বিষয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন গতকাল তাঁর কার্যালয়ে সাংবাদিকদের বলেন, তিন আইনজীবীর বিরুদ্ধে আনা অভিযোগ যদি সত্য প্রমাণিত হয়, তাহলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তবে কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ার আগে তাঁকে দোষী সাব্যস্ত করে বক্তব্য দেওয়া দুঃখজনক। বিচারে যদি তাঁরা দোষী প্রমাণিত হন, তাহলে সমিতি তাঁদের সমর্থন করবে না।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তাঁর কার্যালয়ে সাংবাদিকদের বলেন, গ্রেপ্তারকৃত আইনজীবীরা দোষী না নির্দোষ তা বিচারে নির্ধারিত হবে। তবে জঙ্গি সংগঠনে অর্থায়নের অভিযোগে আইনজীবীদের গ্রেপ্তার হওয়াটাই দুঃখজনক। কারণ, এর আগে এ ধরনের অভিযোগে সুপ্রিম কোর্টের কোনো আইনজীবী গ্রেপ্তার হননি। তিনি বলেন, অর্থায়নের সঙ্গে যুক্ত থাকার প্রাথমিক প্রমাণ না পেলে হয়তো আইনশৃঙ্খলা বাহিনী তাঁদের গ্রেপ্তার করত না।