তিন আইসক্রিম কারখানাকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাওয়ার অনুপযোগী রং ও রাসায়নিক ব্যবহার করে আইসক্রিম তৈরির অপরাধে তিনটি কারখানাকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে পোড়া তেল দিয়ে খাবার তৈরির অপরাধে একটি রেস্তোরাঁকে জরিমানা করা হয়েছে ২৫ হাজার টাকা।
গতকাল মঙ্গলবার দুপুরে নগরের নিমতলা, ফকিরহাট ও অলংকার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ফয়েজ উল্যাহ। জরিমানা করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রুচি আইস বারকে ২০ হাজার টাকা, নিমতলা এলাকার নিলুফা আইস বারকে ১০ হাজার ও যমুনা আইস বারকে ১৫ হাজার এবং অলংকার এলাকার আলিফ হোটেল অ্যান্ড রেস্তোরাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ফয়েজ উল্যাহ বলেন, আইসক্রিম কারখানাগুলো অনুমোদনহীন রং ও রাসায়নিক ব্যবহার করছিল। পরিবেশ ছিল খুবই নোংরা। এ ছাড়া একই আদালত ফকিরহাট বাজারে ওজনে কম দেওয়ার অপরাধে মো. মোস্তফা ও ওসমান নামে দুই মাছ ব্যবসায়ীকে ৫০০ টাকা করে জরিমানা করেছেন।