ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় গ্রেপ্তার তিনজনকে আবারও তিন দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মো. আসাদুজ্জামান নূর এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক ফজলুর রহমান গতকাল তিন আসামি সাদেক আলী, তৌহিদুর রহমান ও আমিনুল মল্লিককে আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আদালত তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৭ আগস্ট রাজধানীর নীলক্ষেত ও ধানমন্ডি থেকে ওই তিনজনকে আটক করে র্যাব। র্যাবের দাবি, তাঁরা তিনজন নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। এদের মধ্যে তৌহিদুর বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। তিনি আনসারুল্লাহ বাংলা টিমের অর্থ সরবরাহকারী। আদালত ১৯ আগস্ট ওই তিনজনকে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছিলেন। গতকাল রিমান্ড শেষে তাঁদের আদালতে হাজির করা হয়।
গত ২৬ ফেব্রুয়ারি টিএসসির সামনে দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর জখম করেন অভিজিৎ রায় ও তাঁর স্ত্রী রাফিদা আহমেদকে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই অভিজিৎ রায় মারা যান।