
রাজধানীর মতিঝিলে শিল্পপতি আবদুল কাদের হত্যা মামলায় নিম্ন আদালতের পরে হাইকোর্ট এবং সর্বশেষ আপিল বিভাগেও রায় হয়েছে। ঘটনার ১৩ বছর চলে গেলেও ওই মামলার আসামিদের কেউ কেউ এখনো ধরাছোঁয়ার বাইরে।
একাধিক সূত্র জানায়, যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া আসামি আবদুল কাদের (মোবাইল কাদের নামে পরিচিত), মৃত্যুদণ্ডাদেশ পাওয়া মাসুদ রানা ওরফে লরেন্স, মো. শফি, আবদুর রশিদ ওরফে লিংকন, যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া জাহাঙ্গীর হোসেন এখনো ধরাছোঁয়ার বাইরে।
ঘটনার বিবরণে জানা যায়, ২০০১ সালের ১৭ অক্টোবর রাজধানীর মতিঝিল বাণিজ্যিক এলাকার আক্তার চেম্বারের দ্বিতীয় তলায় তাঁর সোনারগাঁ চিংড়ি প্রকল্পের কার্যালয়ে ঢুকে আবদুল কাদেরকে গুলি করে হত্যা করা হয়। এরপর নিহতের ভাই ইউসুফ মিয়া বাদী হয়ে মতিঝিল থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০০৩ সালের ৮ মে ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০০৪ সালের ২৯ জানুয়ারি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ রায় দেন৷ রায়ে সাত আসামির মৃত্যুদণ্ড এবং চারজনের যাবজ্জীবন সাজা হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামি হলেন মোবাইল কাদের, তাঁর ছোট ভাই মাসুদ রানা ওরফে লরেন্স, জাহাঙ্গীর হোসেন, মো. শফি, আবদুর রশিদ ওরফে লিংকন ও জানে আলম ওরফে বড় ভাই। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত চার আসামি হলেন ইকবাল হোসেন, আতাউর রহমান, আবদুর রাজ্জাক ওরফে ঠান্ডু ও শামীম আহমেদ।
একটি সূত্র জানায়, তখন মোবাইল কাদের, ইকবাল হোসেনসহ সাত আসামি পলাতক ছিলেন৷ রায় ঘোষণার সময় জেলহাজত থেকে বজলু, আতাউর ও ঠান্ডুকে আদালতে হাজির করা হয়৷ উপস্থিত ছিলেন অপর আসামি জানে আলমও।
নিম্ন আদালতের রায়ের পর আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড নিশ্চিতকরণের অনুমোদন) শুনানির জন্য হাইকোর্টে আসে। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আবদুর রাজ্জাক ওরফে ঠান্ডু ও আতাউর রহমান হাইকোর্টে আপিল করেন। দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষে ২০০৭ সালের ২৫ নভেম্বর হাইকোর্টের রায়ে নিম্ন আদালতে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত মোবাইল কাদের ও যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত আবদুর রাজ্জাক খালাস পান৷ তিন আসামি মাসুদ রানা, মো. শফি ও আবদুর রশিদের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখা হয়।

নিম্ন আদালতে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত অপর তিন আসামি জাহাঙ্গীর হোসেন, বজলুর রহমান ওরফে বজলু ও জানে আলমকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ। অপর আসামি আতাউর রহমানের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ বহাল থাকে।
তবে মোবাইল কাদের ও আবদুর রাজ্জাককে খালাসের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ২০০৮ সালে আপিল করে রাষ্ট্রপক্ষ। অপর আসামি আতাউর রহমান যাবজ্জীবন কারাদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করেন। শুনানি শেষে চলতি বছরের ১৪ মে আপিল বিভাগ রায় দেন। আদালত মোবাইল কাদেরকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ এবং এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন। অপর দুই আসামি আবদুর রাজ্জাক খান ওরফে ঠান্ডু এবং আতাউর রহমানকে খালাস দেওয়া হয়। এর পর থেকেই মোবাইল কাদের পলাতক৷