তিন আসামি রিমান্ড শেষে হাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলায় তিন পুলিশ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে তিনজনকে রিমান্ড শেষে গতকাল বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়। আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।পুলিশ হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে যে তিনজনকে রিমান্ডে নেওয়া হয়েছিল তাঁরা হলেন সুজানগর উপজেলার হাসামপুর গ্রামের নাদের প্রামাণিক (৫২), বেড়া উপজেলার পুরান মাসুন্দিয়া গ্রামের ওয়াজেদ আলী (৪২) এবং ঢালারচর গ্রামের পল্লিচিকিত্সক আবদুর রহিম (২৫)। বেড়া থানার পুলিশ গত রোববার ওই তিনজনকে চার দিনের রিমান্ডে নেয়।পুলিশের একটি সূত্র জানায়, রিমান্ডে হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী পুলিশের সোর্স আবদুল গণি ও মহিষের গাড়িচালক মঞ্জু মিয়াকে তিন আসামির মুখোমুখি করা হয়। এ সময় বেরিয়ে আসে অনেক গুরুত্বপূর্ণ তথ্য।বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জিল্লুর রহমান জানান, জিজ্ঞাসাবাদে তিন আসামির কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।ওই হত্যার ঘটনায় রাজবাড়ী সদর থানায় গ্রেপ্তার হওয়া তিনজনকেও জিজ্ঞাসাবাদের জন্য বেড়া থানায় নেওয়ার প্রক্রিয়া চলছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হলে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশা প্রকাশ করেছেন।