তিন আসামি রিমান্ডে, বাদীকে ভয় দেখানোর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হ্যাপি আক্তার,সুমাইয়া অাক্তার
হ্যাপি আক্তার,সুমাইয়া অাক্তার

মাদারীপুরে দুই স্কুলছাত্রী হত্যা মামলায় তিন আসামির সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিকে তিন আসামির পক্ষ থেকে এক ছাত্রীর বাবাকে ভয় দেখানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া শিপন সিকদার, রফিকুল ইসলাম ও রকিব সিকদারকে গতকাল শনিবার মাদারীপুর মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। ভারপ্রাপ্ত মুখ্য বিচারিক হাকিম মুহাম্মদ জাকারিয়া আসামিদের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
মামলায় উল্লেখ করা হয়, নিহত সুমাইয়া আক্তারের পরিবারের সঙ্গে আসামিদের জমি নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে আদালতে দুটি মামলা চলছে। কয়েক বছর আগে দুই পরিবারের মধ্যে সংঘর্ষও হয়। তখন বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়। বিষয়টি ইউপি সদস্য মনজুর হোসেন মিন্টুকে জানানো হয়েছিল।
ওই দুই ছাত্রী মারা যাওয়ার পর ইউপি সদস্য মনজুর মামলা করার আগে সমঝোতা করার চেষ্টা করেন। শুক্রবার সুমাইয়ার লাশ দাফনের সময় তিন আসামির স্বজনেরা সুমাইয়ার বাবা বিল্লাল সিকদারকে সান্ত্বনা দিতে আসেন। তখন তাঁরা মামলা দিয়ে হয়রানি না করার জন্য বলেন। মামলার কারণে তাঁদের যাতে ক্ষতি না হয়, সে বিষয়টি খেয়াল রাখতে বলেন।
গতকাল দুপুরে সুমাইয়ার বাবা বিল্লাল সিকদার প্রথম আলোকে বলেন, ‘আমার মেয়েকে যারা হত্যা করেছে তাদের পরিবারের সদস্যরা আমাকে সান্ত্বনা দিতে বাড়ি আসছে। তারা মামলায় তাদের হয়রানি না করার জন্য আমাদের বলেছে। তাদের যাতে কোনো ক্ষতি না হয়, সেটা খেয়াল রাখতে বলেছে। আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দেওয়া, বিরক্ত করা সবই মিন্টু মেম্বার জানত। তারপরও সে তাদের প্রশ্রয় দিয়েছে। ওরা খুব ভয়ংকর ও প্রভাবশালী। তারা আবার আমার ক্ষতি করতে পারে।’
মনজুর হোসেন আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের মাদারীপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক। মস্তফাপুর ইউপির ৪ নম্বর ওয়ার্ড সদস্য। তিনি স্থানীয় ছাত্রলীগের বিভিন্ন কমিটির নেতা ছিলেন। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের ঘনিষ্ঠ হিসেবেও পরিচয় দেন।
এ বিষয়ে জানতে চাইলে মনজুর হোসেন বলেন, ‘আমি স্বচ্ছ রাজনীতি করি। অপরাধকে প্রশ্রয় দিই না। বিল্লালের মেয়েকে বিরক্ত করার বিষয়টি যখন জেনেছি, তখনই অভিযুক্তদের সতর্ক করি। আমি কোনো কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করিনি। এলাকার কিছু মানুষ আমার বিরুদ্ধে রয়েছে, তারাই এখন আমার সম্পর্কে আজেবাজে কথা প্রচার করতেছে।’
গতকাল সকালে মস্তফাপুর গ্রামে সুমাইয়া ও হ্যাপি আক্তারদের বাড়ি গিয়ে স্বজন ও গ্রামের মানুষদের ভিড় দেখা যায়। সুমাইয়ার দাদি কাঞ্চন বিবি নিচু স্বরে বিলাপ করছিলেন। মা আসমা বেগম, ভাই আরমান, ইমরান ও ছোট বোন সুরাইয়া থেমে থেমে অঝোরে কেঁদে যাচ্ছেন। আসামি শনাক্ত করতে দুপুরে বিল্লাল সিকদারকে থানায় ডেকে নেয় পুলিশ। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাংসদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সুমাইয়া ও হ্যাপির পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে তাঁদের বাড়ি যান।
মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার হোসেন বলেন, দুই স্কুলছাত্রীর হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলা প্রত্যাহার করার জন্য অথবা প্রভাবিত করার জন্য কেউ যদি বাদীকে চাপ দেয়, তাহলে পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে জানান তিনি।