তিন আসামি সাত দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিজিৎ রায়
অভিজিৎ রায়

ব্লগার অভিজিৎ রায় হত্যার ঘটনায় গ্রেপ্তার তিনজনের প্রত্যেককে সাত দিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান এ আদেশ দেন।
অভিজিৎ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা মহানগর ডিবি পুলিশ পরিদর্শক মো. ফজলুর রহমান গতকাল তিনজনকে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন। রিমান্ডে নেওয়া হয়েছে আনসারউল্লাহ বাংলা টিমের অনলাইন কার্যক্রমের দায়িত্বে থাকা সাদেক আলী ওরফে মিঠু, অর্থ সরবরাহকারী তৌহিদুর রহমান ও আমিনুল মল্লিককে।
রাষ্ট্রপক্ষ ঢাকা মহানগর পিপি আবদুল্লাহ আবু আদালতকে বলেন, ২৬ ফেব্রুয়ারি অভিজিৎ রায় ও তাঁর স্ত্রী রাফিদা আহমেদকে টিএসসি চত্বরের সামনে পূর্বপরিকল্পিতভাবে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এ ঘটনায় অভিজিৎ মারা যান এবং রাফিদা আহমেদ আহত হন। গ্রেপ্তার হওয়া আসামিরা নিষিদ্ধ ঘোষিত উগ্রপন্থী ধর্মীয় সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য এবং জঙ্গি কর্মকাণ্ডে অর্থ জোগানদাতা। ব্লগার অভিজিৎসহ অন্যান্য মুক্তমনা ব্লগার হত্যার সঙ্গে জড়িত থাকার তথ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার সুষ্ঠু তদন্তের জন্য রিমান্ডে নেওয়া প্রয়োজন।
তৌহিদুর রহমানের পক্ষে রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন আইনজীবী কামাল উদ্দিন। তিনি বলেন, তৌহিদুল ইসলাম ব্রিটিশ নাগরিক। ধর্মপ্রাণ মুসলমান। ভারসাম্যহীন ব্যক্তি। তাঁর মা অসুস্থ। গত ২৮ মে তাঁকে সাদাপোশাকের পুলিশ নিয়ে যায়। গতকাল গণমাধ্যমে দেখে জানতে পেরেছেন যে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আসামি কোনো জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত নন। তাই তাঁকে রিমান্ডে নেওয়ার যৌক্তিক কারণ নেই। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নাকচ করে তিনজনকে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
গত সোমবার রাজধানীর নীলক্ষেত ও ধানমন্ডি এলাকা থেকে রাতে তিনজনকে আটক দেখায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।