তিন আসামি সাত দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় অভিজিৎ রায় হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া শফিউর রহমান ফারাবীসহ তিনজনকে সিলেটে ব্লগার অনন্ত বিজয় দাশ (৩২) হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল আগেই। গতকাল মঙ্গলবার তাঁদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সিলেট মহানগর হাকিম আনোয়ারুল হকের আদালতে শুনানি শেষে তাঁদের রিমান্ড মঞ্জুর করা হয়। ৪ নভেম্বর এ মামলায় এই তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে অনন্ত হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক আরমান আলী ১৫ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। ফারাবী ছাড়াও রিমান্ড মঞ্জুর হওয়া দুই আসামি হলেন জুলহাস বিশ্বাস ও আবুল বাশার। সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) আবদুল আহাদ চৌধুরী বলেন, তিনজনকে রিমান্ডের আবেদন মঞ্জুর করে আদালত মামলার পরবর্তী শুনানির তারিখ ১৯ নভেম্বর ধার্য করেছেন। এ নিয়ে অনন্ত হত্যা মামলায় গ্রেপ্তারের সংখ্যা ১২ জনে দাঁড়াল। এর মধ্যে গত ৭ জুন সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হওয়া সিলেটের ফটোসাংবাদিক ইদ্রিস আলী ২৮ অক্টোবর জামিনে মুক্তি পেয়েছেন। গত ১২ মে সিলেট নগরের সুবিদবাজারের নূরানী আবাসিক এলাকার চৌরাস্তার মোড়ে দুর্বৃত্তরা কুপিয়ে অনন্তকে হত্যা করে। বিজ্ঞানবিষয়ক লেখালেখির কারণে তাঁকে ‘উগ্র ধর্মান্ধ গোষ্ঠী’ খুন করেছে অভিযোগ এনে অনন্তের বড় ভাই রত্নেশ্বর দাশ বাদী হয়ে মহানগর পুলিশের বিমানবন্দর থানায় মামলা করেন।