চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আবদুল মালেক ওরফে জনি হত্যা মামলার তিন আসামিকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন মহানগর হাকিম সৈয়দ মাসফিকুল ইসলাম। গতকাল বুধবার হাকিম এই আদেশ দেন।
তিন আসামি হলেন দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ফরহাদুল আলম এবং দুই কর্মী মোহাম্মদ ফারুক ও মোহাম্মদ দোবান ওরফে নোমান।
আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, জনি হত্যা মামলার এই তিন আসামি গত ৩০ মে হাইকোর্ট থেকে জামিন পান। গত মঙ্গলবার তাঁদের জামিনের মেয়াদ শেষ হয়।
আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, গত সোমবার এই তিন আসামি চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত গতকাল বুধবার শুনানির দিন ধার্য করেন। কিন্তু গতকাল তিন আসামির কেউ উপস্থিত ছিলেন না। এ কারণে বিচারক তাঁদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দেন।
কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নেজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, এই মামলাটি সিআইডি তদন্ত করছে। আদালত সিআইডিকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। সিআইডি কোতোয়ালি থানা-পুলিশের সহযোগিতা চাইলে দেওয়া হবে।
গত ৪ জানুয়ারি নগরের আন্দরকিল্লায় অবস্থিত চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে সংগঠনের বিবদমান এক পক্ষের কর্মীদের হামলায় গুরুতর আহত হন জনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮ জানুয়ারি রাতে তিনি মারা যান।
এই ঘটনায় নিহতের ছোট ভাই আবদুল মাজেদ চৌধুরী ছাত্রলীগের নয়জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় মামলা করেন।