নারায়ণগঞ্জের চাষাঢ়া আওয়ামী লীগের কার্যালয়ে ২০০১ সালের ১৬ জুন বোমা হামলায় ২০ জন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা দুটি মামলায় হুজি নেতা মুফতি হান্নানসহ তিন আসামির উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ হয়েছে।
তবে সাক্ষ্য গ্রহণের জন্য বোমা হামলায় দুই পা হারানো কৃষক লীগের সাবেক নেতা চন্দন শীল ও স্প্লিন্টারে আহত সঞ্জিত কুমার উপস্থিত থাকলেও সময়ের অভাবে তাঁদের সাক্ষ্য গ্রহণ করা সম্ভব হয়নি। আদালত ২৪ আগস্ট মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের কারাগারে পাঠানো হয়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মিয়াজী শহীদুল ইসলামের আদালতে গতকাল রোববার দুপুর ১২টা থেকে মাঝে বিরতি দিয়ে বিকেল চারটা পর্যন্ত এ সাক্ষ্য গ্রহণ চলে। হত্যা ও বিস্ফোরক আইনে দায়ের করা দুটি মামলায় বাদী তৎকালীন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা তাঁর দায়ের করা এজাহারের সপক্ষে বক্তব্য তুলে ধরেন। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কে এম ফজলুর রহমান এসব কথা জানান।
ফজলুর রহমান বলেন, আদালতে উপস্থিত বোমা হামলা মামলার আসামি মুফতি হান্নান, শহর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত উল্লাহ জুয়েল এবং সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও নগর বিএনপির যুগ্ম সম্পাদক শওকত হাশেম শকুকে শনাক্ত করেন মামলার বাদী খোকন সাহা। তবে কাউন্সিলর শওকত হাশেম আদালতে উপস্থিত হলেও তিনি উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন। বাদী খোকন সাহা আদালতে বলেন, অপর পলাতক তিন আসামি ভারতের কারাগারে আটক হুজি নেতা দুই ভাই আনিসুল মোরসালিন ও মাহবুব মোত্তাকিন এবং ওবায়দুল হককে দেখলে তিনি শনাক্ত করতে পারতেন।
উল্লেখ্য, ২০০১ সালের ১৬ জুন নারায়ণগঞ্জের চাষাঢ়া আওয়ামী লীগ অফিসে সাংসদ শামীম ওসমানের পূর্বনির্ধারিত গণসংযোগ কর্মসূচি চলাকালে বিকট শব্দে বোমা বিস্ফোরণে ২০ জন নিহত হন। আহত হন সাংসদ শামীম ওসমানসহ অর্ধশতাধিক নেতা-কর্মী। বোমা হামলার ঘটনার পরদিন খোকন সাহা বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা করেন।