চাঁদনী চক মার্কেটে হকার খোকন মোল্লা হত্যা মামলার প্রধান আসামিসহ এজাহারভুক্ত তিন আসামিকে নয় দিনেও পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।
গত ২২ ফেব্রুয়ারি নিউমার্কেট-সংলগ্ন চাঁদনী চক মার্কেটের দোতলার রেস্তোরাঁয় খোকন ও তাঁর বন্ধু বাবুলকে ছুরিকাঘাত করেন অন্য হকাররা। খোকন পরে হাসপাতালে মারা যান। আহত বাবুল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপপরিদর্শক মো. মহিউদ্দিন গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, নিহত খোকন মোল্লা ও হামলাকারীরা চাঁদনী চক মার্কেটের হকার। এই হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি শাহাবুদ্দিনসহ তিনজনকে গ্রেপ্তারে চেষ্টা চলছে। তাঁরা গ্রেপ্তার হলে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ বেরিয়ে আসবে। তবে এজাহারভুক্ত অন্য দুই আসামি সোহেল ও রিপনকে গ্রেপ্তারের পর দুই দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে হত্যার কারণ সম্পর্কে কিছু তথ্য পাওয়া গেছে।
তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, রিমান্ডে জিজ্ঞাসাবাদে সোহেল ও রিপন বলেছেন, শাহাবুদ্দিন ও হানিফ চাঁদনী চক মার্কেটের ছাদে মাদক সেবন করতেন। এতে খোকন বাধা দিতেন এবং একদিন হানিফকে মেরেছিলেন। খোকনের চেয়ে শাহাবুদ্দিন ও হানিফ বয়সে বড়। জুনিয়রের হাতে মার খেয়ে তাঁরা ক্ষিপ্ত ছিলেন খোকনের ওপর। এ ছাড়া ফুটপাতে আধিপত্য বিস্তার নিয়ে খোকনের সঙ্গে শাহাবুদ্দিন ও হানিফের বিরোধ ছিল। এসব কারণে তাঁরা খোকনকে হত্যার পরিকল্পনা নেন। এই হত্যায় সাত-আটজন জড়িত ছিলেন। ২২ ফেব্রুয়ারি চাঁদনী চকের রেস্তোরাঁয় দুপুরে খাওয়ার সময় খোকন ও তাঁর বন্ধু বাবুলের ওপর হামলা চালানো হয়। তবে সোহেল ও রিপন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন। তাঁরা বর্তমানে কারাগারে আছেন।
আহত বাবুল ব্যাপারী বলেন, শাহাবুদ্দিন, হানিফ ও সোহেল ইয়াবা, ফেনসিডিল বিক্রি করেন এবং চাঁদনী চক মার্কেটের ছাদে তাঁরা নিয়মিত মাদক সেবন করতেন। খোকন ও তিনি এর প্রতিবাদ করতেন। এ নিয়ে চাঁদনী চক মার্কেট ব্যবসায়ী সমিতি সালিস ডেকে শাহাবুদ্দিন, হানিফ ও সোহেলকে দোষী সাব্যস্ত করে তাঁদের সতর্ক করে দিয়েছিল। তাঁরা এর জন্য খোকন ও তাঁকে (বাবুল) সন্দেহ করেন। এতে ক্ষিপ্ত হয়ে শাহাবুদ্দিনের নেতৃত্বে তাঁদের ওপর হামলা চালানো হয়।
চাঁদনী চক মার্কেটের বিভিন্ন স্থানে লাগানো সিসি ক্যামেরায় ধরা পড়েছে, শাহাবুদ্দিন ও তাঁর সহযোগীরা খুনের পর পালিয়ে যাচ্ছেন।
ওই রেস্তোরাঁর ব্যবস্থাপক মোহাম্মদ ফারুক বলেন, হতাহত দুজনসহ কয়েকজন হকার পাশাপাশি টেবিলে বসে ভাত খাচ্ছিলেন। বাইরে থেকে আসা হকারদের একজন হঠাৎ ছুরি দিয়ে খোকন ও বাবুলকে আঘাত করেন। পরমুহূর্তে ওই ব্যক্তিসহ কয়েকজন দৌড়ে রেস্তোরাঁ থেকে বেরিয়ে যান।