তিন আসামির চার দিনের রিমান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার আনসার ক্যাম্পে হামলা ও অস্ত্র লুটের ঘটনায় তিন আসামির চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত মঙ্গলবার বিকেলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক অরুণ পাল এ রিমান্ড মঞ্জুর করেন।
তিন আসামি হলেন নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরের ডি ব্লকের ৫ নম্বর কক্ষের রফিক ওরফে মামুন মিয়া (৩০), ই ব্লকের ৩ নম্বর কক্ষের আবদুর রাজ্জাক (২৫) ও সি ব্লকের ৩ নম্বর কক্ষের মো. হারুন (৩০)।
আদালতের পুলিশ পরিদর্শক মো. জামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ওই তিন আসামির প্রত্যেকের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন। আদালত তাঁদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা কবির হোসেন বলেন, ১৩ মে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের ভেতরে শালবন আনসার ক্যাম্পে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় গুলিতে আনসার কমান্ডার আলী হোসেন নিহত হন। পরে ক্যাম্প থেকে আনসারের ১১টি অস্ত্র ও ৬৭০টি গুলি লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় পরদিন অজ্ঞাতপরিচয় ৩০ থেকে ৩৫ জনের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা হয়। তিনি আরও বলেন, র্যা বের একটি দল ৩০ জুন কুতুপালং ক্যাম্পের পাশে জঙ্গলে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করা অন্য দুজন হলেন আবদুস সালাম (২৯) ও জয়নাল ওরফে জানে আলম (৫০)। তাঁরা উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন।