চট্টগ্রাম বন্দরে একটি কনটেইনার থেকে প্রায় পৌনে তিন কোটি ভারতীয় রুপি জব্দের মামলায় গ্রেপ্তার তিন আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর শুনানি শেষে এই আদেশ দেন।
আসামিরা হলেন পণ্য খালাসকারী সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান ফ্লাশ ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান আবু শাহাদাৎ মোহাম্মদ সায়েম ওরফে শামীম, ব্যবস্থাপনা পরিচালক আসাদ উল্লাহ ও ব্যবসায়িক অংশীদার আহাম্মদ উল্লাহ তালুকদার।
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, পৌনে তিন কোটি ভারতীয় রুপি জব্দের মামলার তিন আসামি জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে দেন।
গত ২১ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দর চত্বরে একটি কনটেইনার খুলে ২ কোটি ৭১ লাখ ৭৬ হাজার ৫০০ ভারতীয় রুপি জব্দ করেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। ব্যক্তিগত ব্যবহারের জন্য দুবাই থেকে ১৬৫ কার্টন পণ্য আনেন চট্টগ্রামের হাটহাজারীর বাসিন্দা শাহেদুজ্জামান। এর মধ্যে চারটি কার্টন থেকে এসব ভারতীয় রুপি জব্দ করা হয়। এ ঘটনায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী রাজস্ব কর্মকর্তা বিধান কুমার সরকার বাদী হয়ে ছয়জনকে আসামি করে বন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। আসামিদের মধ্যে শাহেদুজ্জামান ছাড়া বাকি পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এঁদের মধ্যে তিন আসামি গতকাল জামিনের আবেদন করেন।