সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় তিন আসামির জামিন হয়নি। তাঁদের জামিন আবেদন উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন আদালত।
আজ সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
তিন আসামি হলেন বকুল মিয়া, রফিকুল ইসলাম ও কামরুল হাসান ওরফে অরুণ।
মামলার তদন্ত কর্মকর্তা আজ আদালতে হাজির হয়ে একটি প্রতিবেদন দাখিল করেছেন। তবে প্রতিবেদনটি প্রাথমিক বলে আদালত মন্তব্য করেছেন বলে জানিয়েছেন আসামিদের আইনজীবী এস এম মাসুদ হোসেন।
আসামিদের আইনজীবী মাসুদ হোসেন জানান, তদন্ত কর্মকর্তা আশা প্রকাশ করেছেন, ছয় মাসের মধ্যে প্রতিবেদন আদালতে দাখিল করতে পারবেন। তদন্ত প্রতিবেদন নিম্ন-আদালতে দাখিল করার পর ওই আদালতে তাঁরা জামিন চাইতে পারবেন বলেও জানান তিনি।
সাগর-রুনি হত্যার ঘটনায় ২০১২ সালের ১২ ফেব্রুয়ারি রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন রুনির ভাই নওশের। মামলায় বকুল মিয়া, রফিকুল ইসলাম ও কামরুল হাসানকে গত ১০ অক্টোবর গ্রেপ্তার দেখানো হয়। এই তিন আসামি গত বছরের সেপ্টেম্বরে হাইকোর্টে জামিনের আবেদন করেন।