মানিকগঞ্জে কলেজছাত্রী সুপ্রিয়া সাহার মৃত্যুর ঘটনায় তিন আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে মানিকগঞ্জের বিচারিক হাকিমের আদালতে আবেদন করে পুলিশ। বিচারক ইয়াছমিন আরা তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তিন আসামি হলেন সুপ্রিয়ার স্বামী দীপাঞ্জন সরকার, শ্বশুর দিলীপ সরকার ও শাশুড়ি গীতা সরকার। এদিকে মৃত্যুর ঘটনায় দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সদর থানার ওসি আমিনুর রহমান বলেন, ‘মামলাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। শিগগিরই ঘটনার রহস্য জানা যাবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা শহরের পূর্ব দাশড়া এলাকার সুকুমার সাহার মেয়ে সুপ্রিয়া মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের বাংলা বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। গত ৭ আগস্ট একই এলাকার দীপাঞ্জন সরকারের সঙ্গে বিয়ে হয় সুপ্রিয়ার। গত বুধবার সকালে শ্বশুরবাড়ি থেকে সুপ্রিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই দিন সুপ্রিয়ার বাবা জামাতা ও শ্বশুর-শাশুড়িসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন। ওই দিনই পুলিশ তিন আসামিকে গ্রেপ্তার করে।
এদিকে সুপ্রিয়াকে হত্যার প্রতিবাদে ও আসামিদের ফাঁসির দাবিতে জেলা শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। গতকাল দুপুরে সরকারি দেবেন্দ্র কলেজ ক্যাম্পাস থেকে সুপ্রিয়ার সহপাঠীসহ অন্যান্য শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।