তিন আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ‘পুলিশের তত্ত্বাবধানে’ কিশোর শামছুদ্দিন মিলনকে (১৬) পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া তিন আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আসামি কোম্পানীগঞ্জের চরকাঁকড়া গ্রামের জাফর ইকবাল (২৭), হারুনুর রশীদ (৩২) ও আবদুল খালেককে (৩৭) গতকাল রোববার নোয়াখালীর ১ নম্বর আমলি আদালতে নেওয়া হয়। ওই আদালতের বিচারক জাকির হাসান আসামিদের রিমান্ড মঞ্জুর করেন।নোয়াখালী গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বিল্লাল হোসেন জানান, পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত শুনানি শেষে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। সোমবার (আজ) থেকে রিমান্ড শুরু হবে। তিনি আরও জানান, তিনজনকেই সোমবার সকালে নোয়াখালী কারাগার থেকে ডিবি কার্যালয়ে আনা হবে। গত ২৭ জুলাই সকালে কিশোর মিলনকে কোম্পানীগঞ্জের টেকেরহাট মোড়ে পুলিশ তাদের গাড়ি থেকে নামিয়ে কিছু লোকের হাতে ছেড়ে দেয়। পুলিশের উপস্থিতিতে তারা ওই কিশোরকে পিটিয়ে মেরে ফেলে। পরে পুলিশ লাশ গাড়িতে তুলে নিয়ে যায়। এই ঘটনার এক সপ্তাহের মাথায় মিলনের মা কোহিনুর বেগম আদালতে মামলা করেন।