২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় র্যাবের গোয়েন্দা শাখার সাবেক কর্মকর্তা মেজর (অব.) আতিকুর রহমানকে গতকাল মঙ্গলবার তিন আসামির পক্ষে জেরা শেষ হয়েছে। তবে বাকি আসামিদের পক্ষে জেরা শেষ না হওয়ায় ৯, ১০ ও ১১ সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য করেছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১।
গতকাল জঙ্গিনেতা মাওলানা আবু তাহের, রফিকুল ইসলাম ও আবু সাঈদের পক্ষে সাক্ষীকে জেরা করা হয়। এ নিয়ে চার দিনে হরকাতুল জিহাদের (হুজি) নেতা মুফতি আবদুল হান্নানসহ সাত আসামির পক্ষে জেরা শেষ হলো।
গতকাল আসামি আনিসুল মুরসালিনের পক্ষে জেরা করতে অস্বীকৃতি জানান আইনজীবী। এর আগে লে. কর্নেল সাইফুল ইসলাম ডিউকসহ পাঁচ আসামির পক্ষে সাক্ষীকে জেরা করতে অস্বীকৃতি জানানো হয়।
গত ২০ আগস্ট আতিকুর রহমান আদালতে এ মামলায় জবানবন্দি দেন।
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২২ জন নিহত এবং শেখ হাসিনাসহ দলের শতাধিক নেতা-কর্মী আহত হন। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এ মামলায় সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু ও মুফতি হান্নানসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সিআইডি। পরে বিএনপির নেতা তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক সমাজকল্যাণমন্ত্রী আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়। তারেক রহমান, তাজউদ্দিনসহ ১৯ জন পলাতক।